কক্সবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালকে স্বয়ংসম্পূর্ণ হাসপাতালে পরিণত করা হবে বলে জানিয়েছেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি বলেছেন, কোনো রোগীকে অন্যকোনো হাসপাতালে রেফার করা যেন না হয়, এজন্য হাসপাতালে সব ধরনের সুবিধা থাকবে।
রবিবার (১২ এপ্রিল ) ২৫০ শয্যা বিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় চিকিৎসকের উপস্থিতি, রোগীর সেবা, ওষুধ সরবরাহ, হাসপাতালের পরিচ্ছন্নতা ও জরুরি বিভাগ ২৪ ঘণ্টা সচল রাখার নির্দেশনা দেন। স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ ও নিয়মিত মনিটরিংয়ের কথাও সভায় উঠে আসে।
এমপি কাজল আরও বলেছেন, বর্তমানে ৪৫ লাখেরও বেশি স্থানীয় বাসিন্দা, রোহিঙ্গা শরণার্থী এবং পর্যটকদের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল সদর হাসপাতাল। দিন যত যাচ্ছে হাসপাতালে রোগীর চাপও বাড়ছে। গুরুত্বপূর্ণ এ হাসপাতালের উন্নয়নে মাস্টারপ্ল্যান করা হবে। সব অবকাঠামো যাতে যথাযথভাবে ব্যবহৃত হয় তার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও আনুষঙ্গিক জনবল পদায়নের ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে সদর হাসপাতালে আরও শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। এই হাসপাতালের উন্নয়নে করণীয় বিষয়ে প্রস্তাব এক মাসের মধ্যে জমা দেওয়ার অনুরোধ জানান তিনি।
এছাড়া, সমাজসেবা কার্যালয়ের কার্য সমূহ আরো গতিশীল করতে সমাজসেবা যে সকল সেবা দিয়ে থাকেন তা বেশি করে প্রচারের জন্য নির্দেশনা প্রদান করেন এমপি কাজল। সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞো, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দিন আলমগীর, ইউএনও ( সদর), গণপূর্ত, সমাজসেবা, পৌরসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা শেষে এমপি কাজল রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। সংক্ষিপ্ত বক্তব্য এমপি কাজল বলেন, দিন দিন শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে ঠিকই, কিন্তু সুশিক্ষিতের সংখ্যা কম। শিক্ষা শুরু হয় পরিবার থেকে আর বিকশিত হয় শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা তাঁকে দক্ষ ও জ্ঞানী করে তুলেছে ঠিকই ; কিন্তু, নৈতিকতা মূল্যবোধের শিক্ষা না থাকলে সে কোনদিন ভালো মানুষ হতে পারে না।
পরে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি লুৎফুর রহমান কাজল। তিনি জরুরি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন৷ পরিদর্শন শেষে হাসপাতালে সমস্যা নিয়ে বিস্তারিত আলাপ করেন এবং একটি প্রস্তাবনা জমা দিতে বলেন৷