মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে কক্সবাজার সীমান্তে আহত চতুর্থ শ্রেণির ছাত্রী হোজাইফা আফনানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছে।
এর আগে রবিবার বিকাল পৌনে ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জরুরি বিভাগে ভর্তি করা হয়।হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রবিবার সকালে কক্সবাজারের টেকনাফ থানা এলাকার হোয়াইক্যং তেচ্ছাব্রীজে মিয়ানমার থেকে আসা গুলিতে এই শিশু গুরুতর আহত হয়। ঘটনার পর শিশুটিকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে প্রথমে ক্যাজুয়েলটি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত ডাক্তার তাকে আইসিইউতে স্থানান্তর করেন।
সকাল পৌনে ৯টার দিকে বাসা থেকে দোকানের দিকে যাওয়ার পথে হোজাইফা গুলিবিদ্ধ হয় বলে জানিয়েছেন শিশুটির চাচা শওকত আলী। তার অভিযোগ, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কঠোর অবস্থান না থাকায় এমন ঘটনা ঘটেছে।