কক্সবাজার শহরের উপকণ্ঠে চোরাই মালামালের অবৈধ সিন্ডিকেট ও চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর অভিযানে নেমেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে খুরুশকুল নতুন ব্রিজ এলাকা থেকে চোরাই পাইপ ফিটিংস ও প্লাস্টিক কভারযুক্ত তারসহ সজীব (২৬) নামে এক ভাঙারি দোকানদারকে হাতেনাতে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার সদর থানা পুলিশের একটি চৌকস দল খুরুশকুল নতুন ব্রিজ সংলগ্ন 'সোহেলের ভাঙারির দোকানে' অভিযান চালায়। দীর্ঘদিন ধরে সেখানে চোরাই মালামাল বেচাকেনা ও গুদামজাত করার অভিযোগ ছিল। অভিযানের সময় তল্লাশি চালিয়ে অবৈধভাবে সংগৃহীত বিপুল পরিমাণ চোরাই হার্ড পাইপ ফিটিংস, প্লাস্টিক ফিটিংস এবং আনুমানিক ১৪ কেজি ওজনের প্লাস্টিক কভারযুক্ত কপার বা প্লাস্টিক তার উদ্ধার ও আলামত হিসেবে জব্দ করা হয়।
অভিযানে গ্রেপ্তার হওয়া সজীব ঢাকার কেরানীগঞ্জ থানার দক্ষিণ শুভাঢ্যা এলাকার পারভেজ আলীর ছেলে। সে দীর্ঘদিন ধরে খুরুশকুল ব্রিজের পাশে ভাঙারি ব্যবসার আড়ালে চোরাই মালামালের কেনাবেচা পরিচালনা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।
কক্সবাজার সদর থানা পুলিশ জানিয়েছে, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও আবাসিক এলাকা থেকে চুরি হওয়া সরঞ্জামাদির পেছনে এই ধরনের ভাঙারি দোকানের অবৈধ ক্রয়-বিক্রয় চক্র অন্যতম অনুঘটক হিসেবে কাজ করছে। উদ্ধারকৃত মালামাল বিধিমোতাবেক জব্দ তালিকাভুক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। চোর ও অবৈধ মালামাল ক্রয়কারী চক্রের পুরো নেটওয়ার্ক উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।