কুতুবদিয়া বড়ঘোপ - মগনামা ঘাট পারাপারে সী-ট্রাক চলাচল বন্ধ রয়েছে গত ৫ দিন ধরে। মাত্র ৬ মাসেই পন্টুন ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়ায় এমন পরিস্থিতি বলে জানা গেছে। কবে নাগাদ চালু হবে তা নির্দিষ্ট করে কেউ জানাতেও পারছেন না। এতে যাত্রীদের মাঝে দেখা গেছে ক্ষোভ ও হতাশা। ঘাট পারাপারে পুরনো ডেনিশ বোট ও স্পীড বোট চালু থাকলেও যাত্রীদের নিরাপদ আস্থা ছিল সী-ট্রাকে।
যাত্রী শওকত ওসমান, রেজাউল করিম বলেন, ঝুঁকি এড়াতে সী-ট্রাকে পার হতে এসে দেখি চ্যানেলের মাঝে নোঙর করা সী-ট্রাক। বড়ঘোপ জেটিতে পন্টুন বিকল থাকায় নাকি বন্ধ রয়েছে। বর্ষা মৌসুমে সী-ট্রাক বন্ধ, সেটি দু:খজনক।
সী-ট্রাক এসটি নিঝুম দ্বীপ এর মাস্টার একরামুজ্জামান জানান, বড়ঘোপ জেটিতে পন্টুনে ৩টি পিলার ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সী-ট্রাক ভেড়ানো সম্ভব হচ্ছেনা। ঠিক হলে যাত্রী পারাপার শুরু করতে পারবেন বলে জানান তিনি।
বিআইডব্লিউটিএ চট্টগ্রাম (অঞ্চল) এর উপসহকারী প্রকৌশলী রুদ্র কুমার দাস বলেন, ক্ষতিগ্রস্ত বড়ঘোপ জেটির পন্টুন মেরামতে গত বৃহস্পতিবার প্রকৌশলী টীম পরিদর্শন করেন। দুয়েক দিনের মধ্যে সরঞ্জাম এসে পৌছঁবে। এটি মেরামতে এক থেকে দুই মাস লাগতে পারে। তবে তারা মেরামত কাজ দ্রুত শেষ করার চেষ্টা করবেন।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, বিআইডব্লিউটিএর প্রকৌশলী ফোনে পন্টুন মেরামতের বিষয়টি জানিয়েছেন। এটি মেরামতের শেষ না হওয়া পর্যন্ত বিকল্প কোন উপায়ে সী-ট্রাকে যাত্রী পারাপার করা যায় কিনা সেটা নিয়ে ইজারাদারের সাথে বসবেন বলে জানান তিনি।