আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ পুরাতন বাস স্টেশন ঝর্ণা চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়।
আগামী নির্বাচন ঘিরে টেকনাফে এটি ছিল ধানের শীষের সমর্থনে শেষ জনসভা। টেকনাফ উপজেলার নেতাকর্মীরা মিছিলে মিছিলে সভায় যোগদান করে। জনসভা জনসমুদ্রে রূপ ধারণ করে।
সভায় প্রধান অতিথির বক্তব্য শাহজাহান চৌধুরী বলেন, আমি আপনাদের ভোটে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। উখিয়া-টেকনাফের উন্নয়ন হয়েছে আমার হাতে, বাকিরা দেয়ালে রঙ লাগিয়েছে আর কোনো কাজ করে নাই। আমি এমপি থাকাকালীন অসংখ্য স্কুল, কলেজ ও মাদ্রাসা করেছি। এ জনপদের তরুণ ও নারীদের দক্ষ করে যোগ্যতা সম্পন্ন করা হবে। যাতে তারা চাকরি ও ব্যবসা-বাণিজ্য করতে পারে।
উখিয়া-টেকনাফের স্কুল-কলেজে সামরিক ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে, যাতে তারা সীমান্তের যে-কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারে। টেকনাফ পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তর করা হবে। আমাদের প্রথম কাজ হবে মানুষকে বিশুদ্ধ পানি পান করানো। টেকনাফ-উখিয়ার দুই ইউনিয়নের মাঝে টুরিস্ট পুলিশের ফাঁড়ি করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। টেকনাফ স্থলবন্দরে সকলের সমান অধিকার থাকবে।
শাহজাহান চৌধুরী বলেন, মাদকের পরিবর্তে হালাল ব্যবসা করার জন্য অনুরোধ করছি। টেকনাফে লুটেপুটে খাওয়ার জন্য আর কোনো মাফিয়ার জায়গা হবে না। নিয়ম অনুযায়ী টেকনাফের মানুষ ব্যবসা বাণিজ্য করবে। সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষা করে মানসম্মত পরিবেশ নিশ্চিত করা হবে।
৩০০-৫০০ টাকার জন্য আপনাদের ইজ্জত নষ্ট করবেন না, পবিত্র ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে প্রয়োগ করবেন। টেকনাফে খুন,গুম করছেন, নাগরিকদের উপর নির্যাত করছেন তাদের জায়গা হবে না। আমি এগুলো হতে দেব না। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। আমি দুর্নীতি করব না, আমার দলও করবে না, যারা করবে তাদেরকে আইনের শাসনের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। জনসভায় জেলা ও উপজেলার বিএনপির নেতাকর্মী বক্তব্য রাখেন।