কক্সবাজারে আইনজীবীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় এনসিপি নেত্রী জিনিয়া শারমিন রিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে ২০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ভূইয়া বাদী হয়ে কক্সবাজার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এস.এম গিয়াস উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক একমাসের মধ্যে আদালতে রিপোর্ট দিতে কক্সবাজার জেলা পুলিশের সদর সার্কেলের এডিশনাল এসপি-কে নির্দেশ দিয়েছেন। আদালত সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালতে দায়েরকৃত নালিশী দরখাস্ত থেকে জানা যায়, গত ২ সেপ্টেম্বর কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে উখিয়া উপজেলা বনাম চকরিয়া উপজেলার মধ্যে অনুষ্ঠিত ফুটবল খেলার বিষয়ে এনসিপি নেত্রী জিনিয়া শারমিন রিয়ার গণমাধ্যমে একটি সাক্ষাতকার প্রচার করা হয়। এই সাক্ষাতকারে বাদী অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ভূইয়া একটি মন্তব্য করেন। মন্তব্যটি নিয়ে ভুল বুঝাবুঝির সৃষ্টি হলে অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ভূইয়া মন্তব্যটি ডিলেইড করে অনুশোচনা পূর্বক ক্ষমা প্রার্থনা করে ফেসবুকে পোস্ট দেন। কিন্তু ৩ সেপ্টেম্বর সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ সড়কে জাতীয় ছাত্র শক্তির ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ভূইয়ার বিকৃত ছবিতে জুত-সেন্ডেল নিক্ষেপ করেন এবং বিদ্রুপাত্মক বক্তব্য দেন। মানববন্ধনকারীরা যান চলচলে প্রতিবন্ধকতা ও ত্রাস সৃষ্টি করেন। আদালত, জেলা প্রশাসকের কার্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সেবা নিতে আসা মানুষের মাঝে সংঘবদ্ধ শক্তি প্রদর্শন করে বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব ঘটান ও আতংক সৃষ্টি করে। এ ঘটনায় বাদী মোসলেম উদ্দিন ভূইয়ার ২০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে তাঁর পক্ষে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মন্নান ১৪ জনকে আসামী করে ২০০২ সালের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের ৪/৫ ধারা এবং ফৌজদারী দন্ডবিধির ৫০০/৫০১/৫০৩/৩৪ ধারায় মামলাটি দায়ের করেন। মামলায় রাইয়ান কাশেম, পিতা-জাহাঙ্গীর কাশেম, জিনিয়া শারমিন রিয়া, পিতা-ফরিদ আলম, মোহাম্মদ হোসাইন, পিতা-বদিউল আলম, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, পিতা-আক্তার আহমদ প্রকাশ সোনা মিয়া, সোহানুর রহমান সোহেল, পিতা-নুরুল ইসলাম, সাঈদ স্বাধীন, পিতা-রাহমত উল্লাহ, আতহার সাকিব, পিতা- নুরুল কবির চৌধুরী, আহসান জোবায়ের, পিতা-মৃত মোস্তাকিম, যায়েদ বিন আমান, পিতা-আমান উল্লাহ, সোহানুর রহমান সোহেল, পিতা- নুরুল ইসলাম, মোহাম্মদ আবদুল হালিম, পিতা- আক্তার আহমদ প্রকাশ সোনা মিয়া, শামসুল আলম শ্রাবণ, আবদু শুক্কুর রুবেল ও এনামুল হক, পিতা- নবী হোছাইন এবং আরো অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামী করা হয়েছে। মামলায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী, অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল ও অ্যাডভোকেট জালাল উদ্দিন রনিকে সাক্ষী করা হয়েছে। বিজ্ঞ বিচারক এস.এম গিয়াস উদ্দিন আলোচিত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক একমাসের মধ্যে আদালতে রিপোর্ট দিতে কক্সবাজার জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার-কে নির্দেশ দিয়েছেন।