এক একটি গানের জন্য ৩০ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে ভারতে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত গায়িকা হলেন শ্রেয়া ঘোষাল। ক্যারিয়ারে বলিউড ইন্ডাস্ট্রিতে দুই দশকেরও বেশি সময় পার করেছেন জাতীয় পুরস্কারজয়ী এ গায়িকা।
কিশোরী বয়সেই সংগীতজগতে নিজের অসাধারণ প্রতিভার জানান দেন শ্রেয়া ঘোষাল। ১৬ বছর বয়সে রিয়েলিটি শো ‘সারেগামাপা’- এর মঞ্চে বিজয়ী হয়ে সংগীতযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন। গানের এ মঞ্চেই গায়িকা মুগ্ধ করেন প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালিকে।
নির্মাতার পরিচালিত শাহরুখ খান অভিনীত‘দেবদাস’-এ প্লেব্যাকের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান শ্রেয়া।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মিষ্টি কণ্ঠ ও নম্র ব্যক্তিত্বের জন্য শ্রেয়া ঘোষাল বিশ্বজুড়ে অগণিত ভক্তের হৃদয় জয় করেছেন।
ক্যারিয়ারে ২০টিরও বেশি ভাষায় ৩ হাজারের বেশি গান গেয়েছেন এ গায়িকা। গানে কণ্ঠ দেয়া ছাড়া আন্তর্জাতিক কনসার্ট এবং বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব পালন করেও মোটা অংকের পারিশ্রমিক নেন তিনি।
ধারণা করা হয়, বর্তমানে গায়িকার মোট সম্পদের পরিমাণ প্রায় ২৪০ কোটি টাকা। ভারতের মুম্বাই ও কলকাতায় তার বিলাসবহুল আবাসন রয়েছে। এ ছাড়া তার সংগ্রহে আছে বিএমডব্লিউ ৫ সিরিজ, রেঞ্জ রোভার স্পোর্ট ও মার্সিডিজ-বেঞ্জের মতো দামী ব্র্যান্ডের বেশ কিছু গাড়ি।
উপমহাদেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এ গায়িকা দীর্ঘদিনের বন্ধু শিলাদিত্য সান্যালকে বিয়ে করেছেন। তাদের সংসারে রয়েছে একটি পুত্র সন্তান।
প্রসঙ্গত, উপমহাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী সংগীতশিল্পীদের তালিকায় শীর্ষস্থানে শ্রেয়া ঘোষাল থাকলেও তার আগে পুরুষ সংগীতশিল্পী হিসেবে এগিয়ে রয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী এআর রহমান। আর শ্রেয়ার পরের অবস্থানে আছেন ভারতের আরেক গায়িকা সুনিধি চৌহান।