তিন দিনের সরকারি সফরে কক্সবাজার ও বান্দরবান পরিদর্শনে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। আজ ২৪ জুন (বুধবার) থেকে ২৬ জুন (শুক্রবার) পর্যন্ত তিনি এই সফর করবেন। সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হাসানুজ্জামান এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবুবকর সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর থেকে জারিকৃত এক সরকারি স্মারকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সরকারি সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৬টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিএস ১৫৭) ঢাকা থেকে রওনা হয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন প্রতিমন্ত্রী। ওই দিন রাতেই তিনি কক্সবাজারের কলাতলী হ্যাচারি জোনে অবস্থিত 'নিরিবিলি মৎস্য হ্যাচারি' ও সরকারি কাঁকড়া হ্যাচারি এবং উখিয়ার সোনার পাড়ার রেজু এলাকায় অবস্থিত 'নিরিবিলি তেলাপিয়া হ্যাচারি' পরিদর্শন করবেন। এরপর তিনি কক্সবাজারের সী পার্ল হোটেলে রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রতিমন্ত্রী চকরিয়া উপজেলার রামপুর মৌজায় মৎস্য অধিদপ্তরাধীন সরকারি চিংড়ি এস্টেট পরিদর্শন করবেন। চকরিয়ার কার্যক্রম শেষ করে তিনি সড়ক পথে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) এর আঞ্চলিক কেন্দ্রে অবস্থিত গয়াল খামার পরিদর্শন করবেন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদে মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি নেবেন।
একই দিন বিকেলে তিনি কক্সবাজারের খুরুশকুলে বিএফডিসি'র শুটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন প্রকল্পের কার্যক্রম এবং কক্সবাজারস্থ মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্য বাজার পরিদর্শন করবেন। এরপর সন্ধ্যা ৭টায় কক্সবাজারের সী পার্ল হোটেলে অনুষ্ঠিতব্য 'আসিয়ান-বাংলাদেশ কোঅপারেশন অন অ্যাকুয়াকালচার অ্যান্ড ফিশারিজ প্রজেক্ট (ফেজ-২)'-এর আন্তর্জাতিক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি।
সফর শেষে আগামী ২৬ জুন (শুক্রবার) সকাল ৯টায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের (বিএস ১৪২) ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করবেন।
প্রতিমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে কক্সবাজার ও বান্দরবান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রটোকল, জ্বালানিসহ সরকারি যানবাহন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।