প্রায় দুই দশক পর চট্টগ্রামে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৮ জানুয়ারি বিকেলে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য চট্টগ্রাম নগর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি। ওই রাতে চট্টগ্রামেই থাকবেন তারেক রহমান। তবে এই সফরে তার কোনো রাজনৈতিক কর্মসূচি এখন পর্যন্ত নেই।
চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান গণমাধ্যমকে বলেন, “১৮ জানুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার যাবেন। সেখানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।”
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতা ওয়াসিম আকরাম নিহত হন। তার বাড়ি কক্সবাজার জেলার পেকুয়ায়।
তারেক রহমান কক্সবাজার থেকে সড়কপথে চট্টগ্রাম আসবেন জানিয়ে নাজিমুর রহমান জানান, “দোয়া মাহফিল আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি। জমিয়তুল ফালাহ মসজিদের মাঠে ১৮ জানুয়ারি বিকেলে দোয়া মাহফিলে তিনি অংশ নেবেন।
“কয়টার সময় সেটা এখন নির্দিষ্ট করে বলতে পারছি না। তবে বিকেলে হবে। সড়কপথে কক্সবাজার থেকে আসতে অন্তত তিন ঘণ্টা লাগবে।”
এক প্রশ্নের জবাবে নাজিমুর রহমান বলেন, ১৮ জানুয়ারি রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চট্টগ্রামে থাকবেন। তবে কোথায় সেটা এখনো ঠিক করা হয়নি। ১৯ তারিখের কোনো কর্মসূচি এখনো কেন্দ্র থেকে জানানো হয়নি।
“আমরা সবরকম প্রস্তুতি শুরু করেছি। উনি ২০০৫ সালে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে গণসংযোগ করতে সর্বশেষ চট্টগ্রামে এসেছিলেন। সে হিসেবে ২০ বছরের বেশি সময় পর তিনি চট্টগ্রামে আসছেন।”
এবারের চট্টগ্রাম সফরে তারেক রহমানের সফরসঙ্গী কারা হবেন, তা জানাতে পারেননি নগর বিএনপির নেতা নাজিমুর রহমান।
তারেক রহমানের বাবা জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানে নিহত হন।
পরে সার্কিট হাউসকে একটি জাদুঘরে রূপান্তর করে নাম দেওয়া হয় ‘রাষ্ট্রপতি বীরউত্তম জিয়াউর রহমান স্মৃতি জাদুঘর’। সেখানে জিয়াউর রহমানের ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী সংরক্ষিত রয়েছে।
তারেক রহমান তার বাবার স্মৃতি জড়িত ওই জাদুঘরে যাবেন কি না, গেলে কখন যাবেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি বিএনপি নেতারা।