কাজের প্রলোভন দেখিয়ে মুক্তিপণের উদ্দেশ্যে কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে আটকে রাখা ৩ জনকে উদ্ধার করেছে র্যাব-১৫।
শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় এক বার্তায় এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) আ. ম. ফারুক।
উদ্ধার ব্যক্তিরা হলেন: জাকির আহাম্মদ (৪২), নুর হোসেন (২২) ও আয়াত উল্যাহ (২২)। তারা ৩ জনই কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদের লিংক রোড দক্ষিণ মুহুরীপাড়ার বাসিন্দা।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) আ. ম. ফারুক বলেন, গত শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ভিকটিমদের টেকনাফ বাসস্ট্যান্ড মোড়ে ডেকে আনে। পরে তাদেরকে সিএনজিযোগে রাজারছড়া এলাকার করাচী পাড়ার গহীন পাহাড়ে নিয়ে গিয়ে জিম্মি করা হয়। অপহরণকারীরা ভিকটিমদের প্রাণনাশের হুমকি দিয়ে তাদের পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় ভিকটিমদের পরিবার গত রবিবার (১২ এপ্রিল) কক্সবাজার সদর মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি করে। পরবর্তীতে বিষয়টি অবহিত করা হলে অপহৃতদের উদ্ধারে গোয়েন্দা নজরদারি ও তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু করে র্যাব।
“এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে টেকনাফে সদর ইউনিয়নের করাচী পাড়া সংলগ্ন গহীন পাহাড় এবং হ্নীলা বাজার এলাকায় সাঁড়াশি অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভিকটিমদের ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরে অপহৃত জাকির আহাম্মদ, নুর হোসেন ও আয়াত উল্যাহকে উদ্ধার করে র্যাব।”
আ. ম. ফারুক আরও বলেন, উদ্ধারকৃত ভিকটিমদের তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া অপহরণকারীদের চিহ্নিত করে গ্রেফতারের লক্ষে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।