মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ বলেছেন, আগামী দিনের প্রতিযোগিতার বিশ্বের টিকে থাকার জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই। আর এই মানসম্মত শিক্ষা প্রসারের জন্য আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তি একটি যুগান্তকারী পদক্ষেপ।
তিনি গতকাল ২৬ সেপ্টেম্বর সকাল ১১ টায় মহেশখালী সরকারি মহিলা কলেজ হল রুমে আলোকিত শিক্ষা ফাউন্ডেশন কক্সবাজার কর্তৃক আয়োজিত আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে উপরোক্ত কথাগুলি বলেন, আলোকিত শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আলোকিত মেধাবিকাশ স্বর্ণপদক বৃত্তির পরিচালক মোঃ জাফর আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন-মহেশখালী সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকসুদ আহমেদ, মহেশখালী আইল্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক এম আজিজুল করিম, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম হুমায়ুন কবির আযাদ, মহেশখালী সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক সরওয়ার কামাল, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সমাজ সেবক মোঃ শহীদ উল্লাহ, কক্সবাজার জেলা বিএনপির সদস্য মাষ্টার সিরাজুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন- বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করেন। শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।