মং খি ওয়াং, সেক্টর স্পেশালিস্ট, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম
আমাদের দেশে অভিবাসন ও মানব পাচারের মূল সংকটগুলোর একটি হলো স্থানীয় পর্যায়ে টেকসই কর্মসংস্থানের অভাব। দেশের ভেতরে যদি এলাকাভিত্তিক ও মৌসুমভিত্তিক কাজের পর্যাপ্ত সুযোগ থাকত, তবে সাধারণ মানুষকে জীবন বাজি রেখে অনিয়মিত উপায়ে বিদেশে পাড়ি জমানোর পরিকল্পনা করতে হতো না। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে এবং ঝুঁকি কমাতে টেকসই কর্মসংস্থান সৃষ্টির বিকল্প নেই।
আজকের দিনে অনেক ক্ষেত্রে একটি ভুল সামাজিক ধারণা তৈরি হয়েছে, যা মানুষকে যেকোনো মূল্যে বিদেশে পাঠাতে উদ্বুদ্ধ করে। এই ধরনের মানসিকতা ও কালচারে পরিবর্তন আনতে ব্যাপক সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন।
সর্বোপরি, বিদেশফেরত বা পাচারের শিকার হওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আইনি সহায়তা ও বিরোধ নিষ্পত্তির বিষয়টি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া অত্যন্ত প্রয়োজন। একজন ভুক্তভোগী আইনি লড়াই চালানোর মতো আর্থিক বা রাজনৈতিক শক্তিতে প্রায়ই পিছিয়ে পড়েন এবং প্রজেক্ট-ভিত্তিক সাময়িক সহায়তার পর দীর্ঘ আইনি প্রক্রিয়ায় থমকে যান। তাই সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে মামলা ও অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াটি দ্রুত ও প্রাতিষ্ঠানিকভাবে সহজ করার কোনো বিকল্প নেই।