পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ নাজমুল হক বলেছেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়িসহ পুরো সীমান্ত এখন মাদক পাচারে সক্রিয় চোরাকারবার চক্র। এ চক্রের তৎপরতা দিন দিন বেড়েই চলছে। যা দেশের জন্য অশনি সংকেত।
সরকার এ কারণে সকল প্রকার মাদক এবং অনলাইন ও অফলাইন জুয়ার বিষয়ে কঠোর অবস্থানে। জিরো টলারেন্স নীতিতে থেকেই এ সব বন্ধ করতে পুলিশকে ভুমিকা রাখতে হবে। সব মিলে মাদকের বিষয়ে কোন ছাড় দেয়া যাবে না। সে যেই-হোক আইনের আওতায় আনতে হবে।
এ ছাড়া আইন-শৃঙ্খলাও স্বাভাবিক রাখতে হবে।
বিশেষ করে ২৩ জুন নিষিদ্ধ দলের কোন তৎপরতা করতে দেয়া যাবে না-সতর্ক থাকতে হবে পুলিশকে।
সোমবার(২২ জুন) দুপুরে নাইক্ষ্যংছড়ি থানায় বান্দরবান পুলিশ সুপারের উপস্থিতিতে থানার সকল অফিসারদের এক জরুরী সভায় এ সব কথা বলে তিনি।
এ সময় তিনি মাদক চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে থানার কর্মকর্তা ও সকল সদস্যদের কঠোর নির্দেশ দেন। পাশাপাশি উপজেলার লোকালয় এলাকায় কয়েকটি তল্লাশি পোস্ট বসানোর বিষয়ে স্থান প্রাথমিক যাচাইয়ের জন্যে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সভায় আরো বক্তব্য রাখেন, বান্দরবানের পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম খন্দকার।