চকরিয়া পৌরশহরের বায়তুশ শরফ সড়কে প্রতিপক্ষের ঘুষিতে নিহত হয়েছেন তারেকুর রহমান নামের (৯) বছরের ৩য় শ্রেণির এক স্কুল ছাত্র। ১৯ আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে পৌরশহরের বাণিজ্যিক কেন্দ্র নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কে এই ঘটনা ঘটে।
চকরিয়া থানার এসআই শফিকুল ইসলাম রাজা জানান, নিহত তারেকুর রহমানের বাড়ি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুলেরচরা এলাকার আবদুল মজিদ ও রোকসানা বেগমের পুত্র।
স্থানীয়রা জানান- পৌরশহরের নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কের স্থানীয় এক পানের দোকানদারের দোকানে সময় দিত তারেক। মঙ্গলবার রাতে দোকান থেকে বের হয়ে পানি আনতে যায় তারেক।
সেখানে সমবয়সী বন্ধুর সাথে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয় এবং ওই বন্ধু সজোরে কানের কাছে ঘুষি মারে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।
কিন্তু পথিমধ্যে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় পৌঁছলে মারা যায়।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুম ছিদ্দিকী বলেন, ঘটনা শুনেছি। কেউ অভিযোগ করলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।