এ দেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই দেশে ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা মানিকপাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপির নির্বাচনী পথসভায় এসব কথা বলেন সালাহউদ্দিন।
তিনি বলেন, ‘অন্যান্য দল যারা মাঠে রয়েছে তাদের কোনো পরিকল্পনা নেই এদেশের মানুষের জন্য। তারা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চান। অথচ এদেশের মানুষ সেটি চায় না।’
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন বলেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। এদেশে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিলো। বিলুপ্ত গণতন্ত্রকে বারে বারে বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, এদেশে ছাত্র-গণঅভ্যুত্থানে শত শত মানুষ শহীদ হয়েছে; রাজপথে রক্ত দিয়েছে। তাদের আকাঙ্ক্ষা ছিলো একটি গণতান্ত্রিক বাংলাদেশ বির্নিমাণ ও একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার। এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ও শহীদের আকাঙ্ক্ষা পূরণের দেশ গড়তে ধানের শীষে ভোট চান তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আমরা অবাস্তব কিছু বলছি না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না, আমরা কর্মক্ষম হাতের সৃজন করতে চাই। আমরা ১৮ কোটি মানুষের ৩৬ কোটি কর্মের হাত হিসেবে তৈরি করতে চাই।’
তিনি বলেন, ‘এই হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা পরিবেশের জন্য বলছি বৃক্ষরোপণ করবো, খাল খনন করবো প্লাস্টিকের দূষণ ও ব্যবহার কমাবো। এ নিয়ে বিএনপির অনেক পরিকল্পনা রয়েছে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত সময়ে দেশে অর্থনৈতিক যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিলো তা শৃঙ্খলায় ফিরিয়ে আনবে বিএনপি। সেজন্য তিনি সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।
এ সময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু মিয়া , সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।