টানা ভারীবর্ষণ আর উজানের পাহাড়ি ঢলের তোড়ে গাইডওয়ালে ফাটল ও পশ্চিমপাশের অংশে মাটি সরে যাওয়ায় নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের জারুলিয়াছড়ি বেইলি সেতুটি এক ফুট ধসে গিয়ে ঝুঁকিতে পড়ে। পাশাপাশি বিদ্যুতের খুটিও ঝুঁকিতে পড়ে একই কারণে। এই দুই কারণে সড়কের এ সেতু দিয়ে চলাচল বন্ধ করে উপজেলা প্রশাসন। আর খুটির সরানোর কাজ চলমান থাকায় বিদ্যুৎ বন্ধ শনিবার বিকেল ৩ টা থেকে। বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান।
তিনি বলেন, সড়কটির আদর্শগ্রাম নামক এলাকার জারুলিয়াছড়ি খালে অস্থায়ীভাবে নির্মিত এই বেইলী ব্রীজটি এমনিতে ঝুঁকিতে ছিল। এরই মাঝে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে এ ঘটনা ঘটে।
তিনি আরো বলেন, শনিবার বিকেল ৩ টায় বন্ধ করা হয় ব্রীজের উপর দিয়ে সব ধরণের গাড়ি চলাচল। তবে পায়ে হেঁটে পারাপার করা যাচ্ছে ব্রীজের উপর দিয়ে। আর ব্রীজের পাশে রামু বিদ্যুৎ বিভাগের প্রধান লাইনের ২ টি খুটি খালের ভাঙনে পড়ে। এটি বিচ্ছিন্ন করে দিয়ে অন্যত্র সরানোর কাজ চলছে। তিনি আরও জানান, তিনি খবর পেয়ে দুপুরেই বান্দরবান সড়ক ও জনপথ বিভাগকে জানান বিষয়টি। তারা দ্রুত এসে ব্যবস্থা নিতে কাজ শুরু করেছেন।
তবে এই সড়কে যাতায়াতকারী যাত্রীদের অনেকে বলেন, হঠাৎ যোগাযোগ বন্ধ হওয়ায় ১০/২০ মিনিটের মধ্যে আটকা পড়ে শতশত যাত্রী ও অসংখ্য গাড়ি। একদিকে বৃষ্টি অপর দিকে বন্ধ যোগাযোগ। সব মিলে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।
উল্লেখ্য এ সড়কটি নাইক্ষ্যংছড়ি উপজেলার সাথে বান্দরবান জেলা সদরের একমাত্র সড়ক। এছাড়া রামু উপজেলার পুর্বাঞ্চালীয় গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের দেড় লাখ মানুষও এ সড়ক দিয়ে জেলা উপজেলায় যাতায়াত করে।