আজাদ মনসুর
কক্সবাজার শুধু বাংলাদেশের একটি পর্যটনকেন্দ্র নয়; এটি দেশের অর্থনীতি, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও আন্তর্জাতিক পরিচিতির এক গুরুত্বপূর্ণ প্রতীক। বিশ্বের দীর্ঘতম সমুদ্রবারান্দাখ্যাত স্বপ্নের দরিয়ানগর তথা প্রাকৃতিক সমুদ্রসৈকত, বিস্তীর্ণ বালুকাবেলা, নীল জলরাশি, ঝাউবন, পাহাড় ও সমুদ্রের অপূর্ব মেলবন্ধন কক্সবাজারকে দিয়েছে এক অনন্য পরিচয়।
প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে ছুটে আসেন প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে। এই পর্যটননগরীকে আরও প্রাণবন্ত, আকর্ষণীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তুলতে পর্যটনকেন্দ্রিক উৎসব, সাংস্কৃতিক আয়োজন, মেলা ও কার্নিভালের প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই।
কারণ পর্যটন শুধু সমুদ্র দেখা কিংবা হোটেলে অবস্থানের মধ্যে সীমাবদ্ধ নয়; পর্যটন মানে একটি দেশের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য, খাবার, শিল্প, বিনোদন, স্থানীয় মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকা-ের সম্মিলিত বিকাশ।
মাননীয় প্রধানমন্ত্রীর আগ্রহে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে কক্সবাজারে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল আয়োজনের পরিকল্পনাও সেই বৃহত্তর সম্ভাবনার সঙ্গে সম্পর্কিত। এ ধরনের আয়োজন সফল হলে পর্যটকদের অবস্থানের সময় বাড়তে পারে, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, হোটেল-রেস্তোরাঁ, পরিবহন, হস্তশিল্পী, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন পেশার মানুষের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি হতে পারে।
তবে যেকোনো বড় আয়োজনের মতো এ উদ্যোগ নিয়েও প্রশ্ন, আলোচনা ও সমালোচনা থাকতে পারে। আর সেখানেই প্রয়োজন দায়িত্বশীলতা, তথ্যনির্ভর আলোচনা এবং কক্সবাজারের সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দেওয়ার মানসিকতা।
একটি আয়োজনকে ঘিরে বিতর্কে সম্প্রতি কার্নিভালকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ কিছু কিছু মাধ্যমে ঝাউগাছ কাটা নিয়ে আলোচনা ও অভিযোগ সামনে এসেছে। বাংলাদেশ পর্যটন করপোরেশন ১৬ নভেম্বরের এক বক্তব্যে দাবি করেছে, কার্নিভালের অবকাঠামো নির্মাণের জন্য কোনো ঝাউগাছ কাটা হয়নি। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, বিমান চলাচলের নিরাপত্তার প্রয়োজনে নির্দিষ্ট এলাকায় কিছু ঝাউগাছের ওপরের অংশ ছাঁটাইয়ের বিষয়টি এর সঙ্গে গুলিয়ে ফেলা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে ভিন্ন তথ্যও এসেছে। কয়েকটি মাধ্যমে কয়েকশো ঝাউগাছ কাটার অভিযোগ এবং বন বিভাগের স্থানীয় কর্মকর্তার বক্তব্য প্রকাশিত হয়েছে, যেখানে গাছ কাটার অনুমতির বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে।
কোনো পক্ষের বক্তব্যকেই চূড়ান্ত সত্য ধরে নেওয়া উচিত নয়। কোন গাছ কখন, কোথায়, কী কারণে কাটা হয়েছে বা ছাঁটাই করা হয়েছে, তার নিরপেক্ষ তদন্ত, সরেজমিন পরিদর্শন, নথিপত্র যাচাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন। পরিবেশ রক্ষার দাবি যেমন যৌক্তিক, তেমনি যাচাই ছাড়া কোনো আয়োজনকে দায়ী করাও দায়িত্বশীলতার পরিচয় নয়। এটি মোটেও দায়িত্বশীল সাংবাদিকতা হতে পারেনা। যারা অন্তত সাংবাদিকতা নিয়ে পড়ালেখা করেছে বা যারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করে তারা এটি অন্তত বিশ্বাস করবে না।
আবার অনেকে বলছেন, কার্নিভালের নামে ওই এলাকাটি দখলের নেওয়ার পায়তারা করা হচ্ছে। যদি বলি, কক্সবাজারের কার্নিভালস্থল বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনস্থ। প্রতিষ্ঠানটি তার আইনগত এখতিয়ার ও অনুমোদনের ভিত্তিতে জায়গাটির পরিকল্পিত ব্যবহার ও উন্নয়ন করতেই পারে। তবে এ ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য, ঝাউবিথির সুরক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের আবেগ ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে কোনো অনুমান বা আশঙ্কাকে বাস্তব ঘটনা হিসেবে প্রতিষ্ঠা করে বিতর্ক সৃষ্টি করা যৌক্তিক নয়। কারণ, যাচাইহীন ধারণা ও নেতিবাচক প্রচারণা একটি সম্ভাবনাময় পর্যটন উদ্যোগকে বাধাগ্রস্ত করে।
কারণ একটি বিষয় আমাদের মনে রাখতে হবে পর্যটন উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ একে অপরের প্রতিপক্ষ নয়; বরং একে অপরের পরিপূরক। কক্সবাজারের ঝাউবন, সমুদ্রসৈকত ও প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রেখেই পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি করতে হবে।
কক্সবাজারের পর্যটন অর্থনীতি বহুমাত্রিক। একজন পর্যটক যখন এখানে আসেন, তখন শুধু একটি হোটেল বা রেস্তোরাঁ উপকৃত হয় না। এর সঙ্গে যুক্ত হয় হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্টহাউস। পরিবহন, পর্যটকবাহী যানবাহন ও ট্যুর অপারেটর। স্থানীয় খাবারের দোকান, রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসায়ী। হস্তশিল্পী, শুঁটকি ব্যবসায়ী ও স্থানীয় পণ্য উৎপাদক। সাংস্কৃতিক কর্মী, শিল্পী, আলোকচিত্রী ও ইভেন্ট ব্যবস্থাপনায় যুক্ত তরুণেরা।
দেখুন, যে কোন কাজের সীমাবদ্ধতা বলতে একটি কথা আছে। এসব কিছু অসংগতি থাকলে এখানকার অংশীজনদের সাথে সমন্বয় ও সার্বিক বিষয়ে মতপ্রকাশের বিষয়ে আলোচনা আসতে পারে। তাই বলে নিছক একটি স্বপ্নকে ধবংস করে পর্যটন সংশ্লিষ্ট অনেক খাতকে মাটিতে মিছিয়ে দিয়ে এ ধরণের বড় ক্ষতি অন্তত আমরা করতে পারি না।
তিন মাসব্যাপী এ কার্নিভালের ঘোষিত পরিকল্পনায় খাবার, স্থানীয় সংস্কৃতি, হস্তশিল্প, খেলাধুলা, অ্যাডভেঞ্চার, ক্যাম্পিং ও বিনোদনের বিভিন্ন আয়োজন রয়েছে। আয়োজকদের ঘোষণায় ১৫টি বিশেষ জোনের কথাও বলেছে সাংবাদিক সম্মেলনে। এ ধরনের আয়োজনের অর্থনৈতিক সুফল শুধু দর্শনার্থীর সংখ্যায় পরিমাপ করা যায় না। পর্যটক কত দিন থাকলেন, স্থানীয় ব্যবসায় কতটা অর্থ ব্যয় করলেন, কত মানুষের কর্মসংস্থান হলো এবং স্থানীয় উদ্যোক্তারা কতটা যুক্ত হলেন এসবও বিবেচনায় নিতে হবে এবং এটি হওয়া উচিত। আমরা এসব নিয়ে কথা বলি। যাতে স্থানীয়ভাবে যারা পর্যটনশিল্পের সাথে জড়িত তারা যাতে বিষদভাবে উপকৃত হয়।
কক্সবাজারকে যদি সত্যিকার অর্থে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের ওপর নির্ভর করলেই চলবে না। পর্যটকদের জন্য নিরাপদ বিনোদন, মানসম্মত আয়োজন, স্থানীয় সংস্কৃতির পরিচিতি এবং সারা বছর পর্যটন আকর্ষণ ধরে রাখার ব্যবস্থাও গড়ে তুলতে হবে। কাউকে না কাউকে নতুন নতুন আইডিয়ার সমন্বয় ঘটিয়ে এসব আয়োজন অব্যাহত রাখতে হবে এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে এতে সহযোগিতার পাশাপাশি অল্প সময়ের মধ্যে বিধিমোতাবেক অনুমোদন নিশ্চিত করতে হবে।
আমি বলছি না আপনারা মতপ্রকাশ করবেন না। অবশ্যই করবেন। তবে মতপ্রকাশের স্বাধীনতা থাকুক, দায়িত্বশীলতার সঙ্গে। কোনো আয়োজনের সমালোচনা করা নাগরিক অধিকার। পরিবেশের ক্ষতি হলে তার প্রতিবাদ করাও নাগরিক দায়িত্ব। মানববন্ধন, সংবাদ সম্মেলন, আলোচনা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশ সবই গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক চর্চা।
কিন্তু প্রশ্ন হলো, আমাদের প্রতিবাদ ও প্রচারণার ভিত্তি কী? আমরা কি যাচাই করা তথ্য তুলে ধরছি, নাকি অসম্পূর্ণ তথ্যের ওপর দাঁড়িয়ে একটি বৃহত্তর আয়োজন সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করছি?
কোনো সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কক্সবাজারে নতুন কোনো আয়োজন করতে চাইলে শুরু থেকেই যদি তাকে বিরোধিতা, সন্দেহ, পাল্টাপাল্টি বক্তব্য ও অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়, তাহলে ভবিষ্যতে বিনিয়োগকারী ও আয়োজকদের আগ্রহ০ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।
কক্সবাজারের উন্নয়নের জন্য প্রয়োজন সমালোচনাকে শত্রুতা হিসেবে না দেখা এবং উন্নয়ন উদ্যোগকে প্রশ্নাতীত না ভাবা। বরং প্রয়োজন তথ্যভিত্তিক আলোচনা, গঠনমূলক পরামর্শ এবং ভুল থাকলে তা সংশোধনের মানসিকতা। তাই উন্নয়নের পথে বাধা নয়, সহযোগিতার সংস্কৃতি গড়ে উঠুক এটি বেশি জরুরী।
কক্সবাজারের পর্যটন খাতকে এগিয়ে নিতে হলে সরকারি-বেসরকারি সব উদ্যোগের প্রতি একটি সহযোগিতামূলক পরিবেশ তৈরি করতে হবে। জেলা প্রশাসন, পর্যটন করপোরেশন, পর্যটন বোর্ড, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, সিভিল এভিয়েশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পর্যটন ব্যবসায়ী ও পরিবেশবাদী সংগঠনসহ সবারই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
কোনো আয়োজনকে ঘিরে অভিযোগ উঠলে সাংবাদিকদের অনুসন্ধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন। তবে যাচাইহীন তথ্য ও অতিরঞ্জিত প্রচারণার কারণে একাধিক সরকারি দপ্তরকে বারবার জনসমক্ষে ব্যাখ্যা দিতে হলে ভবিষ্যতে কক্সবাজারে নতুন আয়োজন ও বিনিয়োগের উদ্যোগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। কক্সবাজারে প্রয়োজন এমন পরিবেশ, যেখানে প্রশ্ন থাকবে, জবাবদিহিতা থাকবে, কিন্তু সম্ভাবনার পথ রুদ্ধ হবে না।
আমাদের মনে রাখতে হবে, কক্সবাজারের সৌন্দর্যই এর সবচেয়ে বড় সম্পদ। এই সৌন্দর্য রক্ষা করেই পর্যটনকে বহুমাত্রিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। পৃথিবীর বিভিন্ন পর্যটন গন্তব্যে সমুদ্রসৈকতকেন্দ্রিক উৎসব, সাংস্কৃতিক আয়োজন, খাদ্য উৎসব ও বিনোদনমূলক কর্মকা- পর্যটনকে সমৃদ্ধ করে। কক্সবাজারেও এমন আয়োজনের সম্ভাবনা রয়েছে, তবে তা হতে হবে পরিবেশসম্মত, পরিকল্পিত ও স্থানীয় মানুষের স্বার্থসংশ্লিষ্ট।
আজকের কক্সবাজার শুধু স্থানীয় মানুষের আবেগের জায়গা নয়; এটি বাংলাদেশের জাতীয় সম্পদ এবং আন্তর্জাতিক পর্যটনের একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় ঠিকানা। এখানে কোনো আয়োজন সফল হলে তার সুফল যেমন দেশের, তেমনি কোনো ব্যর্থতা বা নেতিবাচক ভাবমূর্তির দায়ও শেষ পর্যন্ত দেশের পর্যটন খাতকে বহন করতে হয়।
তাই ব্যক্তিগত স্বার্থ, গোষ্ঠীগত অবস্থান কিংবা পারস্পরিক বিরোধের ঊর্ধ্বে উঠে কক্সবাজারের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়া প্রয়োজন। কেউ ভুল করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হোক, কেউ ভালো উদ্যোগ নিলে তাকে সহযোগিতা করা হোক। কোনো উদ্যোগের দুর্বলতা থাকলে তা সংশোধনের পরামর্শ দেওয়া হোক। কিন্তু যাচাইহীন তথ্য, অতিরঞ্জিত প্রচারণা কিংবা পারস্পরিক বিরোধ যেন কক্সবাজারের তথা দেশের সামগ্রিক সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত না করে।
সাংবাদিক, প্রাবন্ধিক, গবেষক ও বহু গ্রন্থের প্রণেতা
সংবাদ অনুবাদক (সাব-এডিটর)
আঞ্চলিক বার্তা সংস্থা
বাংলাদেশ বেতার কক্সবাজার
০১৮৪৫ ৬৯ ৫৯ ১৬