গিয়াস উদ্দিন ও জসিম মাহমুদ
বৈরী আবহাওয়ার কারনে সেন্টমার্টিনে আটকা পড়েন প্রায় দেড় হাজার পর্যটক। তাঁদের মধ্যে ১৬টি সার্ভিস ট্রলারে করে ৯০০ পর্যটক ও ৮০ জন স্থানীয় বাসিন্দাসহ ৯৮০ জনকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছে দেওয়া হয়েছে।
বাকি থাকা আরও ৬০০ পর্যটককে আগামীকাল ফেরত আনা হবে জাহাজ দিয়ে।
শনিবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৬টি ট্রলারে করে ৯৮০ পর্যটক ও স্থানীয় বাসিন্দারা নিরাপদে তারা সেন্টমার্টিন থেকে টেকনাফে পৌঁছেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম।
সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, সেন্টমার্টিন জেটিঘাট থেকে বঙ্গোপসাগর হয়ে নাফ নদীর ফাঁড়ি দিয়ে তাঁদের শাহপরীরদ্বীপ জেটিঘাটে পৌঁছে দেওয়া হয়। দ্বীপে আটকে থাকা অবশিষ্ট পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের আগামীকাল ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
জানা গেছে, জরুরি প্রয়োজন, অসুস্থতা এবং নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের অগ্রাধিকার দিয়ে ট্রলারে করে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। তবে উত্তাল সাগরে ঝুঁকি এড়াতে সতর্কতার সঙ্গে তাঁদের পারাপার করা হচ্ছে।
গত ১৮ নভেম্বর কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণে যান। পরে আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।
সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিনসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নৌপথে পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএর চট্টগ্রাম কার্যালয়ের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ থেকে জারি করা আবহাওয়া সতর্কীকরণ নৌ-বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম-চরগজারিয়া, কুমিরা-গুপ্তছড়া, বাঁশখালী-কুতুবদিয়া, পেকুয়া- কুতুবদিয়া, কক্সবাজার-মহেশখালী, টেকনাফ- সেন্টমার্টিন ও নোয়াখালী-হাতিয়াসহ বিভিন্ন নৌপথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, পর্যটকদের দুর্ভোগ কমাতে এগিয়ে এসেছেন দ্বীপের হোটেল ব্যবসায়ীরা। অনেক হোটেলে কক্ষভাড়ায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। কিছু হোটেলে বিনা মূল্যে থাকার ব্যবস্থাও করা হয়েছে। অসুস্থ পর্যটকদের নিরাপদে টেকনাফে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বীপে আটকেপড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, শনিবার আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকলে রোববার থেকে পুনরায় জাহাজ চলাচল শুরু হতে পারে। তবে আটকে পড়া সব পর্যটককে কবে নাগাদ নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হবে, তা এখনো নিশ্চিত নয়।
ঢাকার বাসিন্দা ইব্রাহিম সরকার বলেন, তিনি পাঁচদিন ধরে দ্বীপে অবস্থান করছিলেন। গত ১৯ নভেম্বর তাঁর ফেরার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে ফিরতে পারেননি। আগের দিনও ফেরার চেষ্টা করে ব্যর্থ হন। শনিবার অবশেষে ট্রলারে করে ফিরেছেন। পর্যটকদের মধ্যে সমস্যা তৈরি হওয়ার পর প্রশাসন জরুরি ব্যবস্থা নিয়ে তাঁদের ফেরানোর উদ্যোগ নেয়।
গাইবান্ধার বাসিন্দা চিকিৎসক আশরাফুল মিয়া বলেন, সেন্টমার্টিনে আবহাওয়া ভালো ছিল, কোনো ধরনের সমস্যাও ছিল না। কিন্তু জাহাজ চলাচল বন্ধ থাকায় তিন থেকে চার দিন তাঁদের ভোগান্তিতে পড়তে হয়েছে। হোটেল কর্তৃপক্ষ কক্ষভাড়া অর্ধেক নিলেও খাবারের জন্য পুরো টাকা নিয়েছে। হোটেলের কর্মীদের আচরণ ভালো থাকলেও সামগ্রিকভাবে তাঁদের হয়রানির শিকার হতে হয়েছে।
ফিরে আসা আরেক পর্যটক ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক পর্যটক হোটেলভাড়ায় ছাড় পেলেও তাঁরা কোনো ছাড় পাননি। উল্টো ভাড়া বাড়িয়ে রাখা হয়েছিল। নানা ধরনের ঝামেলার কারণে তাঁদের দীর্ঘ তিনদিন দ্বীপে আটকে থাকতে হয়েছে।
হোটেল ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে কি না জানতে চাইলে ওই পর্যটক বলেন, তাঁদের কক্ষভাড়ায় ছাড় দেওয়া হয়েছিল। তবে অন্য পর্যটকেরা ছাড় পেয়েছেন কি না, তা তিনি জানেন না। তাঁর অভিযোগ, পুরো বিষয়টি একটি সিন্ডিকেটের মতো মনে হয়েছে। ইচ্ছা করলে যেভাবে শনিবার ট্রলারে করে পর্যটকদের ফিরিয়ে আনা হয়েছে, সেভাবেই আগেই তাঁদের পারাপারের ব্যবস্থা করা সম্ভব ছিল। জাহাজ চলাচল বন্ধ থাকায় নতুন পর্যটক আসছিলেন না। এ সুযোগে দ্বীপে আটকে থাকা প্রায় এক হাজার ১৫০ জন পর্যটককে কেন্দ্র করে আরও দুই-তিন দিন ব্যবসা করার চেষ্টা করা হয়েছে বলে তাঁর ধারণা। তবে এটি তাঁর ব্যক্তিগত অভিযোগ।
অন্যদিকে, শনিবার সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা না থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২১ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে উপকূলে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার গুলোকে পরদিন সকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম পরিচালকের পক্ষে দুপুর ২টায় এ সতর্কবার্তা জারি করেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অতিরিক্ত দায়িত্ব থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান বলেন, আজ সন্ধ্যার দিকে সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে। আগামী কাল থেকে জাহাজ পুনরায় চালু শুরু হবে। অবশিষ্ট পর্যটকারা জাহাজে করে ফিরতে পারবেন।