কক্সবাজারের চকরিয়া নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার খুটাখালী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত নির্মাণশ্রমিকেরা হলেন খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবু তাহেরে ছেলে লাল মুহিত উদ্দিন ওরফে সাগর (৩৩) এবং একই এলাকার মোহাম্মদ জোহারের ছেলে মোহাম্মদ উসমান (১৯)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়। তারা মরদেহ দুটি সুরতহাল করেছে এবং হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। আর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
খুটাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান বলেন, একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় পলেস্তারার কাজ করার সময় পাশে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন দুজন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন ভবনটিতে তিনজন শ্রমিক কাজ করছিলেন। ভবনটির পাশেই ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার ছিল। সেই তারে প্রথমে লাল মুহিত বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর উসমান বিদ্যুৎস্পৃষ্ট হন। দুজনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।