বঙ্গোপসাগরের কক্সবাজারের সোনাদিয়া চ্যানেলে ট্রলার ডুবিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন জেলে নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার ভোরে মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নের সোনাদিয়া চ্যানেলে এ টলারডুবির ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। এ ঘটনায় নুরুল আলম ও মুহিব উল্লাহ নামে আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। তাদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।
স্থানীয়রা জানায়, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নিয়ে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে রওনা হন কয়েকজন জেলে। বৃহস্পতিবার ভোররাত ট্রলারটি বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলে এসে ডুবে যায়।
স্থানীয় জেলেদের বরাতে মহেশখালী থানার পরিদর্শক (ওসি) মো. আবদুস সুলতান বলেন, বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলে রাতে ট্রলারটি ডুবে যায়। পরে ভোরের দিকে স্থানীয়রা তল্লাশি চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এখনো নিখোঁজ দুইজনকে উদ্ধারে স্থানীয়ভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিমও পাঠানো হয়েছে।
পরিদর্শক (ওসি) মো. আবদুস সুলতান আরও বলেন, নিহতদের মরদেহ পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝড়ো বাতাস ও উচ্চ জোয়ারে ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে গেছে।