স্টাফ রিপোর্টার, টেকনাফ
টেকনাফে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় দুই রোহিঙ্গা কিশোরীকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাংয়ের ক্যাম্প ২২ থেকে তাদের উদ্ধার করা হয়। রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার।
এপিবিএন সূত্র জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ক্যাম্প-২২ এর সি/১ ব্লকের বাসিন্দা মোহাম্মদ নুর (৪২) অভিযোগ করেন, তার মেয়ে ইয়াছমিন আকতার (১৭) এবং একই ব্লকের বাসিন্দা ফরমিন আরা (১৬)কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভারতে পাঠানোর উদ্দেশ্যে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
অভিযোগ পাওয়ার পর হোয়াইক্যং উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন। পরে একটি টহল দল ক্যাম্প-২২-এর এ/১ ব্লকের বাসিন্দা জাফর আলমের (৫২) বাড়িতে যায়। সেখানে জানা যায়, জাফর আলমের মেয়ে তসমিন আরা (১৮) এবং ওই দুই কিশোরী একসঙ্গে ভারতে যাওয়ার উদ্দেশ্যে কুতুপালং ক্যাম্পে গিয়েছিল। বিষয়টি জানার পর জাফর আলমের মাধ্যমে তাদের ক্যাম্পে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুর সাড়ে ১টার দিকে তসমিন আরা ও দুই কিশোরী উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পে ফিরে আসে। পরে দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়, তারা নিজেরাই ভারতে যাওয়ার উদ্দেশ্যে তসমিন আরার সঙ্গে ক্যাম্প ২২ থেকে কুতুপালং ক্যাম্পে গিয়েছিল।
উদ্ধার হওয়া ইয়াছমিন আকতার (১৭) ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের সি/১ ব্লকের বাসিন্দা মোহাম্মদ নুরের মেয়ে। অপর কিশোরী ফরমিন আরা (১৬) একই ব্লকের বাসিন্দা ফরিদ আলমের মেয়ে।
এ ঘটনায় হোয়াইক্যং উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এপিবিএন।