ঈদগাঁওয়ে ১৭ বছর বয়সী এক কিশোরকে আটকে রেখে মারধর এবং নগদ টাকা ও বিকাশের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ পাওয়া গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঈদগাঁও বাজারের সিঙ্গার প্লাজার সামনে থেকে সঞ্জয় কান্তি দাশ (১৭) নামের ওই কিশোরকে ডেকে নিয়ে যায় অভিযুক্তরা। পরে তাকে ঈদগাঁও-ঈদগড় সড়কের কবির কোম্পানির কলোনির ভেতরের একটি কক্ষে আটকে রেখে নির্যাতন চালানো হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, আটকে রেখে ভিকটিমকে মারধর করে তার পকেটে থাকা নগদ ৬ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। এরপর পুনরায় তাকে মারধর করে ভিকটিমের মায়ের ফোনে কল দিয়ে বিকাশের মাধ্যমে আরও ৮ হাজার ৬৬০ টাকা আদায় করে নেয়।
ঘটনার খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশের একটি দল দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোদাই বাড়ি (লামারপাড়া) এলাকার মো. ফয়সাল (২৬), এবং ইব্রাহিম (২৫)।
এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর ঈদগাঁও থানায় পেনাল কোডের ৩৯৪/৩৪ ধারায় একটি মামলা (মামলা নং-১২) দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।