যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেছেন, মার্কিন বাহিনী আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানের ওপর কঠিন আঘাত হানবে আর তারা যুদ্ধের মূল কৌশলগত উদ্দেশ্য পূরণ করার কাছাকাছি পৌঁছেছে।
বুধবার ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাতে যুদ্ধ-ক্লান্ত মার্কিন জনগণের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ৩২ দিন ধরে চলা আক্রমণে তার সামরিক বাহিনী ‘যুদ্ধক্ষেত্রে দ্রুত, চূড়ান্ত ও অপ্রতিরোধ্য বিজয়’ নিয়ে এসেছে আর ইরান আর কোনো নিরাপত্তা হুমকি হয়ে নেই।
দেশজুড়ে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, “আজ রাতে আমি বলতে পারি, শিগগিরই, খুব শিগগিরই আমরা আমেরিকার সব সামরিক উদ্দেশ্য পূরণ করার পথে রয়েছি।
“আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমরা তাদের ওপর অত্যন্ত কঠিন আঘাত হানতে যাচ্ছি। তারা যার অংশ তাদের সেই প্রস্তর যুগে ফেরত পাঠাচ্ছি আমরা।”