কক্সবাজার শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার লক্ষ্যে শহরের বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।
সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৩টা থেকে তিনি শহরের টেকপাড়া, বার্মিজ মার্কেট, কালুর দোকান, জনতা সড়ক, পেশকারপাড়া-সহ বিভিন্ন জলাবদ্ধতাপ্রবণ এলাকা ঘুরে দেখেন। এ সময় পানি চলাচলে প্রতিবন্ধকতার কারণগুলো চিহ্নিত করেন তিনি।
পরিদর্শন শেষে টেকপাড়া স্লুইস গেট এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য শামীম আরা স্বপ্না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনগণের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ চলছে। এরই অংশ হিসেবে কক্সবাজার শহরের অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, তা দেখতে সরেজমিনে এসেছি।
তিনি বলেন, শহরের অধিকাংশ নালা দখল ও মাটি ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া স্লুইস গেটসহ পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ স্থানগুলোও দখলের শিকার হয়েছে। অনেকেই বাড়িঘর ও দোকান নির্মাণ করে নালার জায়গা দখল করায় লাখ লাখ মানুষ জলাবদ্ধতার দুর্ভোগে পড়ছেন।
সংসদ সদস্য আরও বলেন, “যে কোনো মূল্যে জলাবদ্ধতা নিরসন করতে হবে। এ জন্য দ্রুত সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। আমাদের সরকারের মূল লক্ষ্য জনগণের কল্যাণে কাজ করা, আমরা সেটিই করবো।”
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদ উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শাহিনুল ইসলাম, টেকপাড়া সমাজ কমিটির সভাপতি জয়নাল আবেদীন সওদাগর, সাধারণ সম্পাদক আবদুল জব্বার জাহাঙ্গীর, সহ-সভাপতি মোহাম্মদ রফিক, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক কায়সার, সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।