২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ প্রকাশ করেছে আইসিসি। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ইংল্যান্ড, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। ষষ্ঠ দল হিসেবে যোগ হবে বাছাইপর্ব থেকে আসা একটি দল।
বৃহস্পতিবার ২০২৭ বিশ্বকাপের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশের গ্রুপে বর্তমান সময়ের প্রতিষ্ঠিত চারটি শক্তিশালী দল থাকায় প্রথম পর্বেই বড় পরীক্ষার মুখে পড়তে হবে টাইগারদের।
অন্যদিকে ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক জিম্বাবুয়ে। এই গ্রুপেও ষষ্ঠ দল আসবে বাছাইপর্ব থেকে।
আগামী বছরের বিশ্বকাপে মোট ১৪টি দল অংশ নেবে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ১২টি ভেন্যুতে হবে মোট ৫৭টি ম্যাচ। টুর্নামেন্ট শুরু হবে ২০২৭ সালের ২ অক্টোবর, ফাইনাল ২১ নভেম্বর।
বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের মাধ্যমে। একই পথে সরাসরি জায়গা পেয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। স্বাগতিক হিসেবে সরাসরি সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
এবার বিশ্বকাপের কাঠামোতেও বড় পরিবর্তন এনেছে আইসিসি। ১৪ দলের মধ্যে র্যাঙ্কিংয়ে নিচের তিন দলকে প্রথমে খেলতে হবে ‘সুপার সিরিজ’। সেখানে শীর্ষে থাকা দলটি পরের পর্বে উঠবে। এরপর ১২ দলকে ছয়টি করে দুই গ্রুপে ভাগ করে হবে মূল গ্রুপ পর্ব।
দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল সরাসরি উঠবে ‘সুপার সেভেন’ পর্বে। পাশাপাশি দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলগুলোর মধ্যে ভালো ফল করা একটি দলও জায়গা পাবে সেখানে। সুপার সেভেনে সাত দল একে অন্যের বিপক্ষে খেলবে এবং সেখান থেকে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।
বাংলাদেশের জন্য প্রথম পর্বেই তাই সহজ প্রতিপক্ষের সুযোগ খুব একটা নেই। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পাশাপাশি বাছাইপর্ব পেরিয়ে আসা দলের সঙ্গেও খেলতে হবে টাইগারদের।
গ্রুপ ‘এ’: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’।
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও কোয়ালিফায়ার ‘বি’।