টেকনাফে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে মো. আলম (২৬) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডেগিল্যার বিল এলাকায় এ ঘটনা ঘটে। আলম ওই এলাকার নুরুল ইসলাম প্রকাশ নুরু মাঝির ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ধানখেতে আগাছা পরিষ্কার করার সময় বজ্রপাত হলে বিকট শব্দে আলম মাটিতে পড়ে অচেতন হয়ে যান। পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দেবাশীষ সরকার বলেন, বেলা আড়াইটার দিকে অচেতন অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর তার জ্ঞান ফেরে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আলমের বাবা নুরুল ইসলাম বলেন, ‘বজ্রপাতের বিকট শব্দে আমার ছেলে মাটিতে পড়ে যায়। তার হৃদ্পিণ্ডে মারাত্মক আঘাত লেগেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এখন তাকে নিয়ে কক্সবাজারের পথে আছি।’
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর দেড়টার পর টেকনাফের আকাশ কালো মেঘে ঢেকে যায়। কিছুক্ষণ পর শুরু হয় মুষলধারে বৃষ্টি ও ঘন ঘন বজ্রপাত। প্রায় এক ঘণ্টা ধরে চলা বজ্রপাত ও বৃষ্টিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।