কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় চোর, ছিনতাইকারী ও অপরাধী চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। অভিযানে হত্যা ও বিশেষ ক্ষমতা আইনের একাধিক মামলার আসামীসহ ১ জন সন্ত্রাসী, ৪ জন মাদক সেবনকারী এবং ধর্তব্য অপরাধে ১১ জনসহ সর্বমোট ১৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ১৩ জন সক্রিয় কিশোর গ্যাং সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানকালে সন্ত্রাস বিরোধী আইনে ঈদগাঁওয়ের জালালাবাদ ইউনিয়নের তেলীপাড়ার বাসিন্দা উজির আলী (৪০)কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কক্সবাজার সদর ও ঈদগাঁও থানায় হত্যা, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং বিশেষ ক্ষমতা আইনসহ অন্তত ৫টি গুরুতর মামলা রয়েছে।
মাদক সেবনের অপরাধে আটক করা হয়েছে ৪ জনকে। তারা হলো- টেকপাড়ার খোরশেদ (২৭), সমিতি পাড়ার নুরুল আমিন (২২), পেকুয়ার পশ্চিম কুতুবপাড়ার মোঃ রুবেল (২০) এবং বাহারছড়ার সাংস্কৃতিক কেন্দ্র এলাকার মো. ফারুক (১৮)।
অপরদিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা ও পুলিশ আইনের ৩৪ ধারায় ধর্তব্য অপরাধে পুলিশ আটক করেছে ১১ জনকে। আটককৃতরা হলো- সমিতি পাড়ার মো. জুবাইর (২৪), চৌফলদণ্ডী ও সমিতি পাড়ার আব্দুল্লাহ (২২), কুতুবদিয়া ও সমিতি পাড়ার জাহিদুল ইসলাম সাগর, কলাতলী উত্তর আদর্শগ্রামের সামিউল ইসলাম রাব্বি প্রকাশ সামি, বিজিবি ক্যাম্প এলাকার রায়হান (২৫), বৈদ্যঘোনার মারুফ (২৩), বাদশাঘোনার হাসেম (২২), নারায়ণগঞ্জের রব্বি শেখ (২৬), মহেশখালীর শাপলাপুরের ইমরান হোসেন রিফাত (২১), দক্ষিণ কলাতলীর মো. মাহিম (৩২) এবং ঢাকার ডেমরার মোঃ ফয়সাল (২০)।
আটককৃতদের মধ্যে আব্দুল্লাহ, সামিউল ইসলাম রাব্বি, রায়হান, মারুফ এবং হাসেমের বিরুদ্ধে পূর্বের সিআর রিকল, পুলিশ আইন ও ফৌজদারি কার্যবিধির অধীন একাধিক রেকর্ডপত্র রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, পৌর ও ইউনিয়ন এলাকায় ছিনতাই ও কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধে পুলিশের নিয়মিত এই বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।