কক্সবাজার পৌর শহর ও আশপাশের ইউনিয়নে অপরাধ নিয়ন্ত্রণ এবং ছিনতাই-মাদক প্রতিরোধে সদর মডেল থানা পুলিশের টানা ৭২ ঘণ্টার বিশেষ সাঁড়াশি অভিযানে ২৩ মামলার পলাতক শীর্ষ সন্ত্রাসী ও সন্ত্রাসবিরোধী আইনের দুই আসামিসহ মোট ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় শহরের বিভিন্ন পয়েন্ট থেকে কিশোর গ্যাংয়ের ২৩ সদস্যকে আটক এবং চেকপোস্টে তল্লাশি চালিয়ে ট্রাফিক আইনে ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তিন দিনের এই বিশেষ অভিযানের সবচেয়ে বড় সাফল্য শহরের মধ্যম বাহারছড়া এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী আশিকুল ইসলাম প্রকাশ আশিককে (৩২) গ্রেপ্তার। পুলিশের রেকর্ড অনুযায়ী, সদর থানাতেই আশিকের বিরুদ্ধে অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি এবং হত্যাচেষ্টাসহ অন্তত ২৩টি নিয়মিত মামলা রয়েছে।
এছাড়া অভিযানের তৃতীয় দিনে নাশকতা ও অপরাধ প্রতিরোধে সন্ত্রাসবিরোধী আইনে শহরের নতুন বাহারছড়ার মোহাম্মদ আবু হাসান (৩৩) এবং বাহারছড়ার মোহাম্মদ নজরুল ইসলামকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদকবিরোধী অভিযানে নাজিরারটেক মোস্তাক পাড়া এলাকা থেকে ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী নুরুল আমিনকে (৬৫) গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বান্দরবানের লামা থানায় মাদক আইনে আগের মামলা রয়েছে। একই সাথে তিন দিনে শহরের বিভিন্ন স্পট থেকে হাতেনাতে মোট ২৭ জন মাদকসেবীকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে আদালতের পরোয়ানাভুক্ত ৮ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- খুরুশকুলের রুমী আক্তার ও মোহাম্মদ মোস্তাফিজ প্রকাশ সরু; উত্তর নুনিয়ারছড়ার তাওহিদ ইসলাম তাসিফ; বিমানবন্দর রোডের একরামুল হক; ঝিলংজার নুরুল আজিম প্রকাশ ছোটন; দক্ষিণ কলাতলীর খূরশেদ ও ইমন; এবং বিজিবি ক্যাম্প এলাকার মোহাম্মদ নাছির সিকদার।
সহিংস অপরাধ ও নিয়মিত মামলায় আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন- বাইল্যাপাড়ার মোহাম্মদ ইউসুপ (৪৩), খুরুলিয়ার দরগাপাড়ার হত্যাচেষ্টা মামলার আসামি মোহাম্মদ ছালমান মাহমুদ মুন্না (২২), পিএমখালীর আব্দুল গাফফার (৬৪), সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে আটক কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর মোহাম্মদ জুবাইর (২০), গাজীপুরের জিলানুর রশিদ অন্তু, উখিয়ার মোহাম্মদ আমির ও আলাউদ্দিন, টেকপাড়ার আরমান, মাঝিরঘাটের মোহাম্মদ মুন্না এবং সমিতিপাড়ার জুয়েল। এদের মধ্যে মোহাম্মদ ইউসুপের বিরুদ্ধে ২০১১ সালে চাঁদাবাজি, মারামারি ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।
অন্যদিকে পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতে শহরের অলিগলি ও সৈকত পয়েন্টে অভিযান চালিয়ে প্রথম দিনে ১২ জন এবং দ্বিতীয় দিনে ১১ জনসহ মোট ২৩ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। এছাড়া কলাতলী মোড়ে স্থাপিত বিশেষ পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে দুটি মোটরসাইকেল আটক এবং ট্রাফিক আইনে ১০টি মামলায় ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, পৌর শহরকে সন্ত্রাসী, ছিনতাইকারী, মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের উৎপাতমুক্ত রাখতে পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।