ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে কক্সবাজারের অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না সহ ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে নির্বাচন ভবনে এ তথ্য জানান, নির্বাচনের রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মঈন উদ্দীন খান।
তিনি জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। ফলে শূন্য পদের অনুকূলে সমান সংখ্যক বৈধ প্রার্থী থাকায় আইন অনুযায়ী তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
মঈন উদ্দীন খান বলেন, “৪৯ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে। কমিশনের অনুমোদনের পর তাদের নির্বাচিত ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করা হবে।”
তিনি আরও জানান, নির্বাচিত সদস্যদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশের পর তা শপথ আয়োজনের জন্য জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হবে।