কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে অটোরিকশার ধাক্কায় সাত বছর বয়সী শিশু ইরিন বাম পায়ের হাড় ভেঙে গেছে। দুর্ঘটনার পর চিকিৎসার ব্যয় বহনের প্রতিশ্রুতি দিয়ে অটোরিকশাটি ছাড়িয়ে নেওয়া হলেও পরে আর কোনো খোঁজ নেননি গাড়ির মালিক কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাধ্য হয়ে আত্মীয়স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে মেয়ের অস্ত্রোপচার সম্পন্ন করেছেন অসহায় মা সাজেদা বেগম। এখনো চিকিৎসার বাকি খরচ বহন করতে পারছেন না তিনি।
এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশার মালিক গফুরের বিরুদ্ধে চিকিৎসার ব্যয় বহন না করা, যোগাযোগ এড়িয়ে যাওয়া এবং উল্টো হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ করেছেন সাজেদা বেগম। এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, গত ২৫ অক্টোবর রাত আনুমানিক ৮টার দিকে তিনি সাত বছর বয়সী মেয়ে ইবনাত আলম ইরিনকে নিয়ে অসুস্থ বোনের জন্য খাবার নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে সড়কের পাশে গাড়ির অপেক্ষায় ছিলেন। এ সময় কক্সবাজার-থ ১১-৮০৪২ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশা বেপরোয়া গতিতে এসে তাঁর মেয়েকে চাপা দেয়। এতে শিশুটির বাম পায়ের হাড় ভেঙে যায়।
দুর্ঘটনার পর অটোরিকশার চালক পালিয়ে গেলেও স্থানীয় লোকজন গাড়িটি আটক করেন। পরে তাঁদের সহায়তায় আহত শিশুকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পরও গাড়ির মালিক চিকিৎসার দায়িত্ব নেননি বলে অভিযোগ করেন শিশুটির মা।
সাজেদা বেগমের ভাষ্য, পরে সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি শিশুটির চিকিৎসার যাবতীয় খরচ বহনের মৌখিক প্রতিশ্রুতি দেন। তাঁদের আশ্বাসে আটক অটোরিকশাটি ছেড়ে দেওয়া হয়। কিন্তু গাড়িটি নিয়ে যাওয়ার পর থেকে তাঁরা আর কোনো যোগাযোগ করেননি।
মেয়ের যন্ত্রণা ও কান্নাকাটি সহ্য করতে না পেরে আত্মীয়স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে গত ২৮ অক্টোবর কক্সবাজার সেন্ট্রাল হাসপাতালে অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. আবু শোয়েব সবুজের তত্ত্বাবধানে শিশুটির পায়ে অস্ত্রোপচার করান তিনি।
অস্ত্রোপচার, ওষুধপত্র, হাসপাতালে ভর্তি ও ড্রেসিং বাবদ এ পর্যন্ত প্রায় ৮০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানান সাজেদা বেগম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, পরবর্তী সময়ে পায়ের রড অপসারণের জন্য আরও একটি অস্ত্রোপচার করতে হবে। এতে প্রায় ৩০ হাজার টাকা ব্যয় হতে পারে।
সাজেদা বেগম অভিযোগ করেন, অস্ত্রোপচারের পর থেকে অটোরিকশার মালিক, চালক কিংবা মালিক সমিতির সভাপতি কেউই তাঁর মেয়ের খোঁজ নেননি। চিকিৎসার ব্যয়ও বহন করেননি। বারবার ফোন করেও সাড়া পাননি। উল্টো বিভিন্ন মাধ্যমে তাঁকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর।
সাজেদা বেগম বলেন, মেয়ের চিকিৎসার জন্য ইতোমধ্যে অনেক টাকা ঋণ করতে হয়েছে। এখনো চিকিৎসার খরচ বাকি। তাঁর পক্ষে এই ব্যয় বহন করা আর সম্ভব হচ্ছে না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মেয়ের চিকিৎসার ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চান।