পবিত্র রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার জন্য পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ টি দোকানে অর্থদণ্ড করা হয়েছে। নিত্যপণ্যের অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে পেকুয়া উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা চৌমুহনী ও পেকুয়া বাজারে পেকুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.এস.এম নুরুল আখতার নিলয়ের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা লঙ্ঘনের দায়ে ৫ টি মুদি, ২ টি ফলের এবং ১ টি মিষ্টির দোকানে ৪ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত দোকানগুলোতে দৃশ্যমান কোন স্থানে মূল্যে তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন কারনে এ জরিমানা আদায় করা হয়েছে।
এ বিষয়ে পেকুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.এস.এম নুরুল আখতার নিলয় বলেন, ভেজাল রোধ এবং রমজানে নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।