কুতুবদিয়া লেমশীখালীতে বিসিকের সাড়ে ৮৪ একর লবন মাঠ লটারির মাধ্যমে বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রান্তিক চাষিদের মাঝে ৬৮ প্লটের বরাদ্দে লটারি দেয়া হয়।
প্রান্তিক লবণ চাষি ছৈয়দ আলম, আব্দু রহিম, কলিম উল্লাহ বলেন, বর্তমানে এক একর লবন মাঠ লাগিয়ত নিতে ৭০ হাজার দিতে হয়। বিসিক থেকে পেলে প্রায় ৪ ভাগের একভাগ লাগে। যে কারনে ৬৮ প্লটের জন্য আবেদন হয়েছে সাড়ে ৪ হাজারের বেশি।
স্থানীয় বিসিকের পরিদর্শক জাকের হোছাইন জানান, নানা জটিলতায় গত দুই অর্থ বছরে বিসিকের ৮৪.৫ একর জমি ৬৮ প্লটে প্রান্তিক চাষিদের মাঝে কম দামে একসনা বরাদ্দ দেয়া বন্ধ ছিল। এবছর বরাদ্দ দিতে আবেদন নেয়া হয়।
প্রতিটা প্লটের জন্য ৫ হাজার টাকার ব্যাংকড্রাফ্টসহ ৪,৭৬৪ জন চাষি আবেদন করে।
সোমবার চাষিদের উপস্থিতিতে লটারী হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, কক্সবাজার বাজার বিসিকের ডিজিএম জাফর ইকবাল ভুইয়া, লেমশীখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ আজম খান, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের প্রশাসক ইদ্রিস খোন্দকার খোকনসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।