কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের দায়ে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েমের নেতৃত্বে দ্বীপের বিভিন্ন রিসোর্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিভিন্ন রিসোর্টের পরিবেশগত অবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় কয়েকটি রিসোর্ট কর্তৃপক্ষকে পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় সতর্কতা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে ‘সেন্ট ক্যাসেল’ নামের একটি রিসোর্টে বর্জ্য ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। রিসোর্ট কর্তৃপক্ষ প্রথমে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করলেও পরবর্তী সময়ে সরেজমিন অভিযানে অনিয়মের প্রমাণ শনাক্ত করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানান, রিসোর্টটির বর্জ্য পাম্পের মাধ্যমে সমুদ্রে ফেলার কাজে ড্রেজারসদৃশ একটি যন্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া অন্যের জায়গায় বর্জ্য ফেলে পরিবেশ দূষণের বিষয়টিও প্রমাণিত হয়েছে। এসব অনিয়মের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে রিসোর্টটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, পুলিশ, কোস্ট গার্ড ও বিচ কর্মীরা সহযোগিতা করেন।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ও পর্যটনবান্ধব পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি দ্বীপের বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট কর্তৃপক্ষ ও পর্যটকদের নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ সংরক্ষণে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।