চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকসহ অন্তত ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
জানা গেছে, আহুত ধর্মঘটের আগেরদিন গভীর রাতে একদল যুবক 'জয় বাংলা' শ্লোগান দিয়ে এসব প্রতিষ্ঠানের গেটে গিয়ে তালা ঝুলিয়ে দেয়। সেখানে ছাত্রলীগের একটি ব্যানারও টাঙ্গানো হয়েছে। এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তাদের কারও পরিচয় জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ২৫ সেকেন্ডের। এতে দেখা যায়, দুই যুবক উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ও ব্যানার ঝুলিয়ে দিচ্ছেন। যুবকদের একজনের মাথায় হেলমেট, অন্যজন মাস্ক পরে রয়েছেন। ব্যানারের নিচে লেখা রয়েছে চকরিয়া পৌরসভা ছাত্রলীগ।
একইভাবে সোমবার গভীর রাতে ছাত্রলীগের সমর্থনে ৫-৬ জন ছাত্রলীগের কর্মী 'জয় বাংলা' শ্লোগান দিয়ে চকরিয়া পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন। তারা পাশের দেয়ালে একটি করে ছাত্রলীগের নামে ব্যানারও টাঙ্গানো হয়েছে।
এদিকে গভীর রাতে উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মাথায় হেলমেট পরে চকরিয়া পৌরশহর চিরিঙ্গা ও উপজেলার বিভিন্ন সড়কে টায়ার জালিয়ে অগ্নিসংযোগ করেছে। অগ্নিসংযোগের কারণে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা ও ব্যানার ঝুলিয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তালা ও ব্যানার অপসারণের ব্যবস্থা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমানকে একাধিকবার ফোন করা হয়। তবে তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।