গিয়াস উদ্দিন
প্রায় দুই বছর পর টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও সিমেন্ট রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার ৮৭০ বস্তা সিমেন্ট রপ্তানি করা হয়। ব্যবসায়ীরা জানান, প্রায় দুই বছর রপ্তানি বন্ধ থাকায় বন্দরের বিভিন্ন গুদামে ব্যবসায়ীদের ২২ হাজার ৮৫০ বস্তা সিমেন্ট নষ্ট হয়ে গেছে। এতে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। আমদানি-রপ্তানি বাণিজ্য ব্যাহত হওয়ায় রাজস্ব হারিয়েছে সরকার।
সর্বশেষ গতকাল বিকাল পর্যন্ত টেকনাফের স্থল বন্দরে সিমেন্ট বোঝাই ২৫টি ট্রাক ভিড় করছে। স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা এম আর জামান বাধন বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় থেকে রপ্তানির বিষয়ে নতুন চিঠি পাওয়ার পর আবারও সিমেন্ট রপ্তানি শুরু হয়েছে। প্রথমদিনে গত বৃহস্পতিবার ৮৭০ বস্তা সিমেন্ট মিয়ানমারে রপ্তানি করা হয়েছে। আজও হাজার খানেক সিমেন্ট রপ্তানি প্রক্রিয়াধীন রয়েছে।’
এম আর জামান বাধন বলেন, ‘মিয়ানমারের সংঘাতের কারণে মংডুর সঙ্গে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি চলমান থাকলেও আকিয়াব ও ইয়াঙ্গুনের সঙ্গে বাণিজ্যের পথ এখনো বন্ধ রয়েছে।’
স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের ম্যানেজার জসিম উদ্দীন চৌধুরী বলেন, ‘বন্ধ থাকার পর কাস্টমস কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়ায় সিমেন্টভতি ট্রলার ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার ৮৭০ বস্তা সিমেন্ট নিয়ে একটি ট্রলার ছেড়ে গেছে মিয়ানমার। রোববার আরও বেশ কিছু সিমেন্ট ভর্তি ট্রাক বন্দরে এসে পৌঁছেছে।’
সূত্র জানায়, বাংলাদেশ থেকে রাখাইনে সিমেন্ট আমদানি করা হয়েছিল গত মার্চের শেষ দিকে সর্বশেষ। এরপর রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। ওই সময় রপ্তানির জন্য বন্দরে নিয়ে আসা সিমেন্ট আটকে পড়ে। দীর্ঘদিন গুদামে পড়ে থাকায় সেগুলোর বড় অংশ নষ্ট হয়ে যায়।
তবে নতুন করে সিমেন্ট রপ্তানি শুরু হলো বাণিজ্য মন্ত্রণালয়ের একটি নির্দেশনার মাধ্যমে। গত ১০ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব মোহাম্মদ আব্দুস সাদেক স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, রপ্তানি নীতি ২০২৪-২০২৭ অনুযায়ী সিমেন্ট অবাধে রপ্তানিযোগ্য পণ্য। সিমেন্ট রপ্তানির ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি অনুমতি (এক্সপোর্ট পারমিট) প্রয়োজন নেই। ওই নির্দেশনার পর টেকনাফ স্থলবন্দর দিয়ে নতুন করে রাখাইনে সিমেন্ট রপ্তানি শুরু হয়েছে বলে জানান বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ।
কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীরা জানান, প্রায় দুই বছর ধরে মিয়ানমারে সিমেন্ট রপ্তানি বন্ধ থাকায় বন্দরের গুদামে ২২ হাজার ৮৫০ বস্তা সিমেন্ট নষ্ট হয়ে গেছে। এরমধ্যে একজন ব্যবসায়ীরই রয়েছে ৮ হাজার ৮০০ বস্তা। এতে ব্যবসায়ীদের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির সংঘাতের কারণে দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। এতে করে বিপাকে পড়েছেন টেকনাফের ব্যবসায়ীরা। এর ফলে রাজস্ব হারাচ্ছে সরকার।
স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান মেসার্স ফারুক ট্রেডার্সের স্বত্বাধিকারী ওমর ফারুক বলেন, ‘রপ্তানি বন্ধ থাকায় গুদামে ৮ হাজার ৮০০ বস্তাসহ ২২ হাজারের বেশি বস্তা সিমেন্ট নষ্ট হয়ে গেছে। এতে করে অনেক ব্যবসায়ীর লোকসানের মুখে পড়েছেন। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনার পর আবারও সিমেন্ট রপ্তানি শুরু হয়েছে। এরই মধ্যে চট্টগ্রামের নে টং ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের কিছু সিমেন্ট আমার সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান মেসার্স জাওয়াদ এন্টারপ্রাইজের মাধ্যমে রপ্তানি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সিমেন্ট রপ্তানি হলে দেশের বৈদেশিক মুদ্রা আয় বাড়বে, যা অর্থনীতির জন্য ইতিবাচক। পাশাপাশি ব্যবসায়ীরাও লাভবান হবেন। এ ছাড়া নদীপথে সিমেন্ট চোরাচালান রোধেরও সম্ভাবনা রয়েছে।’
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অসীম চৌধুরী বলেন, ‘টেকনাফ স্থলবন্দর দিয়ে সিমেন্ট রপ্তানির বিষয়ে আমি শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বরে মিয়ানমারের ২৭১ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর গত বছরের জানুয়ারিতে আকিয়াব ও ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে চারটি পণ্যবাহী নৌযান আটক করে কমিশন দাবি করে আরাকান আর্মি। এরপর থেকে আকিয়াব ও ইয়াঙ্গুন হয়ে বাংলাদেশ-মিয়ানমার বাণিজ্য বন্ধ ঘোষণা করে দেশটির জান্তা সরকার। তবে আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা মংডুশহর সঙ্গে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু রয়েছে।