কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আর কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল মেরিন ড্রাইভে। পরে সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সময়ে এ ঘটনাগুলো ঘটেছে।
উখিয়াস্থ ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. রিয়াজ আহমেদ বলেন, রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর এফ/৫ ব্লকে বুধবার বিকেলে টানা ভারী বৃষ্টির কারণে একটি শেল্টারের ওপর পাহাড় ধসে পড়ে। এতে মাটি চাপা পড়ে গুরুতর আহত হয় ৮ বছর বয়সী রোহিঙ্গা শিশু নুনুজিয়া। স্থানীয়রা দ্রুত তাকে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে একাধিক স্থানে পাহাড় ধসে ঘটনা ঘটে। এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল মেরিন ড্রাইভে। পরে সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
এদিকে, কলাতলী এলাকায় পাহাড় ধসের ঘটনায় তিনজন আহত হয়েছে। মাটি চাপা পড়েছে তিনটি বসতঘর। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে কক্সবাজার সদর হাসপাতালে।
আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, কক্সবাজারে গেল ২৪ ঘণ্টায় ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।