সাইফুল আফ্রিদি
পর্যটকদের কাছে কক্সবাজার মানেই সমুদ্র, আনন্দ আর নানা পদের খাবার। সুগন্ধার ফিশ ফ্রাই মার্কেট, বার্মিজ মার্কেটের আচার কিংবা নামী রেস্তোরাঁ সবখানেই পর্যটকদের ভিড় থাকে। পর্যটকদের আস্থাকে পুঁজি করে চলা এসব প্রতিষ্ঠানের খাবার ও সেবার আড়ালেই ধরা পড়ছে নানা অনিয়ম; কোথাও পঁচা মাছ, কোথাও ক্ষতিকর রাসায়নিক, আবার কোথাও অগ্নিনিরাপত্তার ঘাটতি। যে খাবারের স্বাদ নিতে পর্যটকেরা শত মাইল পাড়ি দিয়ে আসেন, সেই খাবারই হয়ে উঠছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের স্বাস্থ্যঝুঁকির কারণ।
গত ১৪ নভেম্বর কক্সবাজার সদর উপজেলার চারটি খাদ্যপ্রতিষ্ঠানে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট এস এম গিয়াসউদ্দিন। এ সময় জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, স্বপ্ন সুপারশপ, চৌরঙ্গী বেকারি ও কাসুন্দি রেস্তোরাঁয় নানা অনিয়ম ধরা পড়ে।
জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার সংরক্ষণ এবং পোকামাকড়ের উপস্থিতি পাওয়া যায়। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
স্বপ্ন সুপারশপে একই ফ্রিজে কাঁচা মাছ, মাংস ও ফল সংরক্ষণ, মাছ কাটার অপরিচ্ছন্ন বোর্ড এবং যথাযথ লেবেল ছাড়া খাদ্যপণ্য রাখার প্রমাণ মেলে। প্রতিষ্ঠানটিকেও তিন লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, স্বপ্ন সুপারশপ ও কাসুন্দি রেস্তোরাঁয় স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও আনাগোনা বেশি। পর্যটকদের কাছে পরিচিত এসব প্রতিষ্ঠানে খাদ্যনিরাপত্তার এমন অনিয়ম তাঁদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
চৌরঙ্গী বেকারিতে খাবার পত্রিকায় মুড়িয়ে রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার, ভাঙা ও পিচ্ছিল মেঝে, লেবেলবিহীনভাবে ভেজাল ঘি তৈরি, নোংরা কাপড় দিয়ে দই ঢেকে রাখা এবং খোলা ডাস্টবিনের মতো অনিয়ম পাওয়া যায়। এমনকি রান্নাঘর ও গুদামঘরের মাঝখানে ছিল শৌচাগার। এসব অপরাধের জন্য নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে আট লাখ টাকা জরিমানা করা হয়। তবে আদালতের আদেশ অমান্য ও অভিযানে অসহযোগিতার কারণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কক্সবাজারের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানান, চৌরঙ্গী বেকারি ও কাসুন্দি রেস্তোরাঁর বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে পৃথক দুটি প্রসিকিউশন দাখিল করা হয়। অভিযোগের উপাদান পর্যালোচনা করে আদালত অপরাধ আমলে নেন এবং সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
১৭ নভেম্বর চৌরঙ্গী বেকারির মালিক মোহাম্মদ আলী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। একই সঙ্গে অপরাধ স্বীকার করে মামলা নিষ্পত্তির আবেদন করেন। আদালত সংক্ষিপ্ত বিচারে তাঁর দোষ স্বীকারের ভিত্তিতে আট লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করায় আদালত তাঁর দণ্ড মওকুফ করে তাঁকে মুক্তি দেন।
এদিকে লাবণী পয়েন্টের কাসুন্দি রেস্তোরাঁয়ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রান্নাঘরে খোলা ডাস্টবিন, আমদানি করা পণ্যে যথাযথ লেবেল না থাকা, ফ্রিজে লেবেলবিহীন পাউরুটি, পঁচা ও বাসি খাবার, মেয়াদোত্তীর্ণ টক দই এবং অনুমোদনহীন রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া চেরি ফলের নামে করমচা পরিবেশন এবং পঁচা মাছ সংরক্ষণের মতো অনিয়মও ধরা পড়ে।
প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে আদালতের আদেশ অমান্য ও অভিযানে অসহযোগিতার কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও নিয়মিত মামলা করার ব্যবস্থা নেয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আদালত সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন। মামলাটি এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
নামী রেস্তোরাঁগুলোতে অভিযান বিষয়ে জানতে চাইলে কক্সবাজার হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল বলেন, অভিযান নিয়মিত হওয়া দরকার। তবে শুধু অভিযানে সীমাবদ্ধ না থেকে পর্যটন খাত সম্প্রসারণে ওয়ানস্টপ সার্ভিস চালু ও ব্যবসায়ীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এরপরও যারা নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে, যেন নিরাপদ খাদ্য নিশ্চিত করা যায়।
শুধু রেস্তোরাঁ বা সুপারশপ নয়, পর্যটকদের কাছে জনপ্রিয় সুগন্ধা পয়েন্টের ফিশ ফ্রাই মার্কেটেও খাবারের মান নিয়ে প্রশ্ন রয়েছে। সেখানে পঁচা মাছ এবং বারবার পোড়া তেল ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে বার্মিজ মার্কেটের আচারসহ বিভিন্ন খাবারে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের বিষয়টিও উঠে এসেছে।
কক্সবাজার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য বলেন, ফিশ ফ্রাইয়ের দোকানগুলোতে পঁচা মাছ ও অতিরিক্ত পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। পর্যটকদের কাছে জনপ্রিয় আচারের মধ্যেও অতিরিক্ত রাসায়নিক পাওয়া গেছে। এসব অনিয়মের বিষয়ে বিক্রেতাদের নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের পর অনিয়ম কিছুটা কমেছে। কয়েকটি খাবারের হোটেলে ইকোলাই ব্যাকটেরিয়ার উপস্থিতিও পাওয়া গেছে। তবে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ব্যবসায়ীদের সতর্ক করছি।
খাবারে এসব অনিয়মের কারণে স্বল্প ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে জানান স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. নোবেল কুমার বড়ুয়া। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ওএসডি (বিদেশে অধ্যয়ন ছুটি) এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার (ইউপিএম) ফ্যাকাল্টি অব মেডিসিন অ্যান্ড হেলথ সায়েন্সেসে স্নাতকোত্তর গবেষক।
তিনি জানান, রোগ সৃষ্টিকারী ইকোলাই ব্যাকটেরিয়ার সংক্রমণে তীব্র ডায়রিয়া, পেটব্যথা, বমি ও জ্বর হতে পারে। গুরুতর সংক্রমণে হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের (এইচইউএস) মতো জটিলতা দেখা দিতে পারে, যাতে কিডনি বিকল হওয়ার ঝুঁকি থাকে। পচা বা অনুপযুক্তভাবে সংরক্ষিত মাছ খেলে খাদ্যে বিষক্রিয়া, বমি ও ডায়রিয়া হতে পারে। নির্দিষ্ট কিছু মাছ সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করলে হিস্টামিন তৈরি হতে পারে, যা থেকে ত্বকে অ্যালার্জি, শ্বাসকষ্ট ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিতে পারে। বারবার পোড়া তেলে তৈরি খাবার খেলে শরীরে ক্ষতিকর অক্সিডেশনজাত উপাদানের প্রভাব পড়তে পারে, যা দীর্ঘমেয়াদে হৃদ্রোগের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। আর খাবারে হাইড্রোজ ব্যবহার পেটে অস্বস্তি, জ্বালাপোড়া ও শ্বাসকষ্টসহ নানা সমস্যা তৈরি করতে পারে।
খাবারের মান নিয়ে ভোক্তাদের অভিযোগও কম নয়। কক্সবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ জানান, তাঁদের কাছে প্রতি মাসে গড়ে প্রায় ৪০টি অভিযোগ আসে। এর বেশির ভাগই পর্যটকদের কাছ থেকে। সম্প্রতি পঞ্চগড় ও শিকলঘাটার কয়েকজন পর্যটক বিভিন্ন খাবার কিনে প্রতারিত হওয়ার অভিযোগ করেছেন। এ ছাড়া স্থানীয় সচেতন বাসিন্দারাও এ ধরনের অভিযোগ করেন।
শুধু খাবারেই নয়, পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে আবাসনেও। পর্যটন মৌসুমে হাজারো মানুষ কক্সবাজারের হোটেল-মোটেল ও রিসোর্টে রাত কাটান। কিন্তু এসব প্রতিষ্ঠানের অগ্নিনিরাপত্তার চিত্রও উদ্বেগজনক।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দোলন আচার্য জানান, শহরের প্রায় ৫০০টি হোটেল-মোটেল ও রিসোর্টের মধ্যে অন্তত ৪০০টির বৈধ ফায়ার লাইসেন্স বা অনাপত্তিপত্র (এনওসি) নেই। অর্থাৎ, প্রায় ৮০ শতাংশ প্রতিষ্ঠানের অগ্নিনিরাপত্তা-সংক্রান্ত অনুমোদন নেই। অনেক প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ফায়ার সেফটি প্ল্যানও নেই।
অগ্নিনিরাপত্তার ছাড়পত্র না থাকায় আগুন লাগলে তা মোকাবিলার প্রস্তুতি ও সক্ষমতা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে। বিশেষ করে পর্যটন মৌসুমে এসব প্রতিষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের অবস্থান থাকায় অগ্নিকাণ্ডে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ঢাকা থেকে আসা পর্যটক রুমন। তিনি বলেন, কিছুদিন আগে সংবাদমাধ্যমে দেখেছেন, আগুন লাগার ঘটনায় পর্যটকেরা হোটেল থেকে বেরিয়ে এসেছেন। অনেকের নির্ঘুম রাত কাটাতে হয়েছে। এটি খুবই উদ্বেগজনক। হোটেলগুলো নিরাপদ করা না গেলে পর্যটকেরা কক্সবাজারে আসতে নিরুৎসাহিত হবেন।
খাবারের মান, স্বাস্থ্যবিধি ও আবাসনের অগ্নিনিরাপত্তায় বারবার অনিয়মের চিত্র বলছে, পর্যটকদের কাছ থেকে অর্থ নেওয়ার ক্ষেত্রে যতটা তৎপরতা রয়েছে, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ততটা দায়িত্বশীলতা সব প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে না।