ইয়াবার চালান থেকে ইয়াবা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফে দুই ব্যক্তিকে অপহরণের পর নির্যাতন করে হত্যা করা হয় বলে অভিযোগ । এ ঘটনায় করা মামলার দুই পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরের চাদগাঁও থানার পশ্চিম ফরিদাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মিজানুর রহমান (২৭) ও আবদুল মোনাফ (২৭)। তারা টেকনাফের হ্নীলা ইউনিয়নে আলোচিত জোড়া হত্যাকাণ্ডের মামলার ২ ও ৪ নম্বর এজাহারভুক্ত আসামি। মিজানুর রহমান হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তুলাতুলি গ্রামের আবদুল্লাহর ছেলে। আবদুল মোনাফ বালুখালী গ্রামের ২ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (১০ নভেম্বর) এসআরবি-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-১৫ ও এসআরবি-৭ এর যৌথ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে পশ্চিম ফরিদাপাড়া এলাকায় অভিযান চালায়। গতকাল বিকেল ৫টা ২৫ মিনিটে এমএএস টেলিকম নামের একটি দোকানের সামনে থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১০ মিনিট পর একই এলাকার একটি ভাড়া বাসা থেকে আবদুল মোনাফকে গ্রেপ্তার করা হয়।
গত ৪ নভেম্বর টেকনাফের হ্নীলা ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন মোক্তার কামাল (৩৯) ও মো. আকবর (২৩)। এ হত্যাকাণ্ডের পেছনে ইয়াবার চালান নিয়ে বিরোধের বিষয়টি সামনে আসে।
আহত অবস্থায় উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, হোয়াইক্যং চেকপোস্ট দিয়ে ইয়াবার একটি চালান পার করে দেওয়ার দায়িত্বে ছিলেন আটজন। ওই চালান থেকে তিন কার্টন ইয়াবা আত্মসাতের অভিযোগ ওঠার পর তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গত ২ নভেম্বর রাতে চারজনকে অপহরণ করে হ্নীলা এলাকার একটি দুর্গম পাহাড়ে নিয়ে আটকে রাখা হয়। সেখানে তাদের মারধর ও নির্যাতন করা হয়। একপর্যায়ে দুজনের মৃত্যু হলে একজনের মরদেহ পাহাড়ে গর্ত খুঁড়ে মাটিচাপা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
পরে অপহরণকারীরা আহত দুজনকে পশ্চিম পানখালী বন বিট কার্যালয়সংলগ্ন ভিলিজার পাড়া এলাকায় ফেলে রেখে যায়।
এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে টেকনাফ মডেল থানায় হত্যা মামলা করা হয়। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চাদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।