কক্সবাজারের টেকনাফে প্রাইভেটকারে করে পাচারকালে ২০ হাজার ইয়াবাসহ চালককে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফের শীলখালী অস্থায়ী চেকপোষ্টে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন উখিয়াস্থ ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম।
আটক মোহাম্মদ আরাফাত (২৩); টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের সাবরাং গ্রামের হোসাইন আহমদের ছেলে।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বিকেলে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্ট আসলে কর্তব্যরত বিজিবি এবং ডগ হেনরি তল্লাশী শুরু করে। তল্লাশীকালে ডগ হেনরি প্রাইভেটকারের পিছনের সিট কভারের নিচে অভিনব কায়দায় কালো স্কচটেপ মোড়ানো নীল রংয়ের বায়ুরোধী প্যাকেট থেকে ২০ হাজার ইয়াবা জব্দ করে। এসময় প্রাইভেটকারের চালক মোহাম্মদ আরাফাতকে আটকের পাশাপাশি জব্দ করা হয় পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকার। আটক আরাফাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, ইয়াবা টেকনাফ হতে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, “মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, জব্দকৃত প্রাইভেটকার ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”