দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তম ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজের শাহ্ আবদুল জব্বার মিলনায়তনে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিপুল সংখ্যক অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (২১শে নভেম্বর) সকাল ১১ টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ ছৈয়দ করিম। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক ও বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী স্কুল এন্ড কলেজ এর পরিচালনা পর্ষদের সভাপতি বরেণ্য শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে এম এম সিরাজুল ইসলাম বলেন, 'অতীতের এসএসসির ফলাফল বিশ্লেষণে দেখা যায়, অভিভাবকদের খামখেয়ালী, অবহেলার ও অসচেনতার কারণে যে সকল ছাত্র-ছাত্রী বিদ্যালয়ের বিশেষ ক্লাসে অনুপস্থিত বা অনিয়িমত ছিল এবং বিভিন্ন মডেল টেস্ট ও চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষায় অংশ গ্রহণ করেনি তাদের ফলাফল বিপর্যয় ঘটেছে। এতে তাঁর পরিবার যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমনি বিদ্যালয়ের সম্মানও ক্ষুন্ন হয়েছে।'
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আরো বলেন, 'এসএসসি পরীক্ষার পূর্বে বিদ্যালয় কর্তৃক বিশেষ ক্লাস ও চূড়ান্ত মডেল টেস্টসহ যেসকল কর্মসূচী গ্রহণ করা হয়েছে তাতে ছাত্রছাত্রীদেরকে সম্পৃক্ত রাখা অপরিহার্য।'
তিনি আরো বলেন, 'নিজ নিজ সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করে তার শারীরিক যত্ন নিতে হবে এবং বাসায় লেখাপড়ার অনুকুল পরিবেশ সৃষ্টি করতে হবে। গত এসএসসি পরীক্ষার ফলাফলে অত্র স্কুল এন্ড কলেজ থেকে ৮২ জন জিপিএ ৫ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করে এবং অষ্টম জুনিয়র বৃত্তি পরীক্ষায়ও ৮৩ জন বৃত্তি অর্জন করে চট্টগ্রাম বোর্ডে তৃতীয় স্থান র্অজন করে গৌরবের স্বাক্ষর রাখে।'
আগামী এসএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীরা যাতে শতভাগ পাশ করে, কাক্সিক্ষত জিপিএ ৫ অর্জন পূর্বক চট্টগ্রাম বোর্ডে সেরা দশের মধ্যে স্থান করে নিতে পারে সে ব্যাপারে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ছৈয়দ করিম বলেন, এই প্রতিষ্ঠান অন্যান্য প্রতিষ্ঠান থেকে স্বতন্ত্র। কারণ এখানে একজন শিক্ষার্থীকে নিয়মিত বিশেষ ক্লাসের শ্রেণি কার্যক্রমে উপস্থিত থেকে ক্লাস টেস্ট ও বিভিন্ন মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। এখানে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্ত্ববধানে ছাত্র-ছাত্রীদেরকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জনসহ একটি ভাল ফলাফল করতে বিশেষভাবে গড়ে তোলা হয়। পরিশেষে তিনি প্রতিষ্ঠানে কর্তৃপক্ষের আহ্বানে সাড়া দিয়ে প্রচুর সংখ্যক অভিভাবক সমাবেশে উপস্থিত হওয়ায় সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্কুল এন্ড কলেজের ১০শ্রেণি ছাত্র মোঃ ইফতির পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র স্কুল এন্ড কলেজের সিনিয়র মোঃ গিয়াস উদ্দিন। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ তৈয়ব ও প্রাতঃ শাখার সহকারি প্রধান শিক্ষক মোঃ আবদুল মালেক কুতুবী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিনিয়র শিক্ষক মোঃ ইমতিয়াজ হাসান।