কক্সবাজার সদর এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে পরিবেশ ও ভূমির মারাত্মক ক্ষতিস করার অভিযোগে পাহাড় কাটা চক্রের মূল হোতা খালেক প্রকাশ হালেক মাঝিকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৮টার দিকে কক্সবাজার পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হালেক মাঝি কক্সবাজার পৌরসভার ১২নম্বর ওয়ার্ডের মধ্যম কলাতলী এলাকার মৃত মীর কাশেমের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ সূত্র জানায়, গত সোমবার (৩ আগস্ট) সকাল ৭টার দিকে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিকাশ বিল্ডিং সংলগ্ন আলতাছের বাড়ির পেছনে একটি চক্র অবৈধভাবে পাহাড় কাটছিল। এতে পরিবেশ ও ভূমির মারাত্মক ক্ষতিসাধন হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পাহাড় কাটায় জড়িতরা পালিয়ে যায়।
পরবর্তীতে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অবৈধভাবে পাহাড় কর্তনকারী চক্রের মূল হোতা হালেক মাঝিকে ১নং আসামি করে অপরাপর আসামিদের বিরুদ্ধে থানায় দুটি পৃথক মামলা দায়ের করে। মামলা দায়েরের পর সদর থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক হালেক মাঝিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত হালেক মাঝির বিরুদ্ধে ইমারত নির্মাণ আইন ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে কক্সবাজার সদর থানায় সম্প্রতি দায়ের হওয়া দুটি মামলা (মামলা নং-৫/৪৭৯ এবং মামলা নং-৬/৪৮০) রয়েছে।
অবৈধভাবে পাহাড় কাটার সাথে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত হালেক মাঝিকে বুধবার আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।