প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করতে দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী ১২ জুন (শুক্রবার) তিনি ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত অফিশিয়াল সফরসূচি অনুযায়ী, আগামী ১২ জুন (শুক্রবার) সকাল ৯টা ৪৫ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী গুলশানস্থ নিজ বাসস্থান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ১০টা ১৫ মিনিটে বিমানযোগে রওনা হয়ে বেলা ১১টা ১৫ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে উপস্থিত হবেন।
এরপর দুপুর ১১টা ৩০ মিনিটে কক্সবাজার সার্কিট হাউস হতে দুলাহাজারা সাফারি পার্ক, জুলাই-২৪ আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর, নবগঠিত মাতামুহুরী উপজেলা ও নবগঠিত পেকুয়া পৌরসভা পরিদর্শন করবেন তিনি। মূলত একই এলাকায় অনুষ্ঠেয় প্রধানমন্ত্রীর সফরের সব ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম স্বশরীরে তত্ত্বাবধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুর ১টায় নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি শেষে রাত ৯টায় তিনি পেকুয়া উপজেলায় উপস্থিত হবেন এবং নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
সফরসূচির দ্বিতীয় দিন অর্থাৎ ১৩ জুন (শনিবার) সকাল ৯টা থেকে রাত সাড়াট ৮টা পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি কর্তৃক কক্সবাজার জেলার বিভিন্ন স্থাপনা ও কর্মসূচি উদ্বোধনের সার্বিক কার্যক্রম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজে উপস্থিত থেকে তত্ত্বাবধান করবেন।
প্রধানমন্ত্রীর সব কর্মসূচি সম্পন্ন হওয়ার পর রাত ৯টায় স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার বিমানবন্দর হতে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। রাত ১০টায় ঢাকা পৌঁছানোর পর গুলশানস্থ নিজ বাসভবনের উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১০টা ৩০ মিনিটে তিনি বাসভবনে পৌঁছাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ও মন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া স্বাক্ষরিত এই সরকারি সফরে মন্ত্রীর সাথে একান্ত সচিব ছাড়াও সহকারী একান্ত সচিব কামরুল হাসান সফরসঙ্গী হিসেবে থাকবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে কক্সবাজার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি ও কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।