কক্সবাজারের টেকনাফে মানবপাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী, পুরুষ ও শিশুর একটি দলকে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে ৫ নারী, ২ পুরুষ ও ৮ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ পদাতিক ডিভিশনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৭০ থেকে ৮০ জন নারী, পুরুষ ও শিশুকে সমুদ্রপথে নৌকায় করে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে লেঙ্গুরবিল এলাকায় জড়ো করা হয়েছিল।
গোয়েন্দা তথ্য পাওয়ার পর যৌথ বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ সময় পাচারকারীরা কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে নৌকায় করে সমুদ্রের দিকে পালানোর সময় তারা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালান। পরে পাচারকারীরা ঘটনাস্থলে ভুক্তভোগীদের ফেলে পালিয়ে যায়।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে ৫ নারী, ২ পুরুষ ও ৮ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উদ্ধার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
যৌথ বাহিনী জানিয়েছে, মানবপাচারকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সেনাবাহিনীর নেতৃত্বে সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধীদের ব্যবহৃত সম্ভাব্য এলাকা ও রুটগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। চিহ্নিত অপরাধী চক্রের সদস্যদের গ্রেপ্তার এবং মূল হোতাদের শনাক্ত করার কার্যক্রমও চলছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সেনাবাহিনী শনিবার রাতে মালয়েশিয়াগামী ৮ জন ভুক্তভোগীকে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবপাচার, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।