টেকনাফে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৩টায় পৌরসভার সীমান্ত কমপ্লেক্সের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক আব্দুস সালামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া- টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী এমপি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁর বিরুদ্ধে আইনানুগ বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে নেতা-কর্মীদের প্রতি সালাম জানান। তিনি বলেন সরকার গঠনের মাত্র নয় মাস হয়েছে, ইতোপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনকে ব্যবহার করে বহু মানুষকে গুম, নির্যাতন ও বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছিল। এসব ঘটনা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। টেকনাফের সাবেক কাউন্সিলর একরাম হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে শাহজাহান চৌধুরী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ইন্ধনে প্রশাসনকে ব্যবহার করে একরামকে হত্যা করা হয়। শেখ হাসিনা দেশে ফিরে আবার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। দেশের মানুষ তা কখনো হতে দেবে না। বিচার ছাড়া শেখ হাসিনা দেশে ফিরলে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবার এবং একরামের স্বজনদের কাছে কি জবাব থাকবে? প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, টেকনাফের ১০২জন আত্মস্বীকৃত মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনতে হবে এবং তাঁদের অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। এসব অস্ত্র ব্যবহার করে কিছু ব্যক্তি রাতের আঁধারে রাজনৈতিক পরিচয় দিয়ে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে।মেরিন ড্রাইভে শত শত মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে শেখ হাসিনার হুকুমে, পাশাপাশি পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটছে। যেকোনো অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ অব্যাহত থাকবে।
এসময় সভায় উপস্থিত ছিলেন, টেকনাফ পৌর বিএনপি আহবায়ক আব্দুর রাজ্জাক মেম্বার, টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা বিএনপি'র সি: সহ সভাপতি হাশেম মেম্বার, জেলা বিএনপির সদস্য রাশেদুল করিম মার্কিন, সি: যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, পৌর বিএনপির সদস্য সচিব হাফেজ এনামুল হাছান, যুগ্ম আহবায়ক আক্তার হোসেন বাবলু, যুগ্ম আহবায়ক ফরহাদ আমিন, উপজেলা বিএন পির ক্ষুদ্র ও কুটির শিল্প সম্পাদক সিদ্দিক আহমদ, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল শুক্কুর, উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আব্দুল্লাহ ও পৌর শ্রমিকদলের আহবায়ক আব্দুর রশিদসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।