গণহত্যার বিচার চেয়ে দীর্ঘদিনের লড়াইয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গুরুত্বপূর্ণ আইনি স্বীকৃতি পেয়েছেন রোহিঙ্গারা। এবার সেই রায়ের বাস্তবায়ন, নাগরিকত্ব ফিরে পাওয়া এবং নিরাপদে নিজ মাতৃভূমি মিয়ানমারের রাখাইন রাজ্যে ফেরার অপেক্ষায় তাঁরা। তাঁদের প্রত্যাশা, আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগে এবার অবসান হবে দীর্ঘদিনের নির্বাসিত জীবনের।
শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ফুটবল মাঠে আয়োজিত এক সমাবেশে নিজেদের দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন হাজারো রোহিঙ্গা। তাঁদের উদ্দেশে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান আশ্বাস দিয়েছেন, রোহিঙ্গাদের অধিকার ও ন্যায়বিচারের দাবি জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে তুলে ধরবেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য বলেও উল্লেখ করেন তিনি।
সমাবেশে যোগ দিতে সকাল থেকেই ক্যাম্পের বিভিন্ন এলাকা থেকে রোহিঙ্গারা জড়ো হতে থাকেন। একপর্যায়ে ফুটবল মাঠে জায়গা না পেয়ে অনেকে আশপাশের বসতি, পাহাড়ের টিলা, গাছপালা ও সড়কে অবস্থান নেন। তাঁদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড। সেসব প্ল্যাকার্ডে গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি গণহত্যার বিচার, ক্ষতিপূরণ এবং নাগরিকত্বসহ মৌলিক অধিকার নিশ্চিত করে নিরাপদ প্রত্যাবাসনের দাবি জানান তাঁরা।
সমাবেশের মঞ্চে ড. খলিলুর রহমান উপস্থিত হলে করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান রোহিঙ্গারা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এ রায় চূড়ান্ত ও বাধ্যতামূলক। গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।
ড. খলিলুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, রোহিঙ্গাদের তাঁদের নিজস্ব মাতৃভূমিতে প্রত্যাবাসন করতে হবে। আদালতের এই সিদ্ধান্ত বাধ্যতামূলক। তাই এ সিদ্ধান্তের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করতে হবে। আমরা এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।’
আদালতের রায় বাস্তবায়নের দায়িত্ব মিয়ানমারের উল্লেখ করে তিনি বলেন, এ রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। রায়ে কী কী পদক্ষেপ নিতে হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। মিয়ানমারকে তার আন্তর্জাতিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অন্যথায় এর পরিণতি ভোগ করতে হবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি আরও বলেন, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপনের কথা বলেছেন। এ ক্ষেত্রে সাধারণ পরিষদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতিসংঘের সব সদস্যরাষ্ট্রকে সঙ্গে নিয়ে রায় বাস্তবায়ন ও রোহিঙ্গা সংকট সমাধানে সম্মিলিতভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হবে।
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে ড. খলিলুর রহমান বলেন, আদালতের রায়ে গণহত্যা, হত্যা, নির্যাতন ও নারীদের ওপর সহিংসতার মতো অপরাধের প্রতিকার এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার বিষয়টি উঠে এসেছে। এসব নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, রোহিঙ্গা সংকট এখন আর শুধু রোহিঙ্গা জনগোষ্ঠী কিংবা বাংলাদেশের সমস্যা নয়; এটি সমগ্র বিশ্বের সমস্যা। দীর্ঘ কয়েক দশকের ইতিহাসে এই প্রথম মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের বিচারিক প্রক্রিয়ায় আন্তর্জাতিক আদালত থেকে এমন গুরুত্বপূর্ণ নির্দেশনা এসেছে। এটি একটি শক্তিশালী আন্তর্জাতিক আইনি ভিত্তি তৈরি করেছে।
রোহিঙ্গাদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের দাবি ও অধিকার জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের কাছে তুলে ধরা হবে। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন।
ড. খলিলুর রহমান বলেন, ‘আমার রোহিঙ্গা ভাই-বোনেরা, আমি আবারও আপনাদের কাছে আসব, ভালো খবর নিয়ে আসব ইনশা আল্লাহ। আপনারা ভালো থাকবেন এবং শান্তিপূর্ণভাবে আপনাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাবেন। পৃথিবী আপনাদের পাশে রয়েছে, তাই ভয় পাওয়ার কিছু নেই। আমরা সবাই সম্মিলিতভাবে, সারা বিশ্বের সহযোগিতায় ইনশা আল্লাহ আপনাদের এই সমস্যার সমাধান করতে পারব।’
নিরাপদে ফিরতে চান রোহিঙ্গারা
সমাবেশে অংশ নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাশা, আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাস্তবায়নে এবার কার্যকর উদ্যোগ নেবে বিশ্ব সম্প্রদায়। তবে শুধু প্রত্যাবাসন নয়, মিয়ানমারে নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত হওয়ার পরই তাঁরা ফিরতে চান নিজেদের মাতৃভূমিতে।
৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা আব্দুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পরদিনই রোহিঙ্গাদের সঙ্গে দেখা করতে শরণার্থীশিবিরে ছুটে এসেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের কথা শুনতে এসেছেন এবং বিশ্বদরবারে আমাদের পক্ষে কথা বলার আশ্বাস দিয়েছেন। এ জন্য তাঁর প্রতি লাখো-কোটি শুকরিয়া ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’
২ নম্বর ক্যাম্পের ইস্ট অংশের বাসিন্দা মৌলভী মো. তৈয়বের আকাঙ্ক্ষা, দ্রুত পরিবারের সদস্যদের নিয়ে নিজের দেশে ফিরবেন। তিনি বলেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কাছে আমাদের আকুল আবেদন, যেন খুব শিগগিরই নিরাপদে নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে পারি। সেখানে থাকা মা-বাবার কবর জিয়ারত করতে পারি, প্রিয়জনদের স্মৃতিবিজড়িত জন্মভূমিতে ফিরে যেতে পারি। দীর্ঘদিনের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে নিজ দেশে ফিরে আমাদের অশান্ত মনকে একটু শান্ত করতে চাই।’
রোহিঙ্গা নেতা মো. মুজিব বলেন, নিজ মাতৃভূমিতে ফিরতে হলে রোহিঙ্গাদের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়, বাংলাদেশ সরকার, ওআইসি ও জাতিসংঘসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশ্ব সম্প্রদায় সম্মিলিতভাবে পাশে দাঁড়ালে আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ প্রত্যাবাসন সম্ভব হবে বলে তিনি আশা করেন।
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, ড. খলিলুর রহমান তাঁদের আশ্বস্ত করেছেন, রোহিঙ্গারা একদিন অবশ্যই নিজেদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে পারবেন। তাঁর এই আশ্বাসে তাঁরা আশাবাদী। আগামী দিনে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার দীর্ঘদিনের প্রত্যাশা, নিজ দেশে ফিরে স্বাভাবিক জীবন শুরু করা। আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা থাকলেও পরবাসের জীবন আর দীর্ঘ করতে চান না তাঁরা। নাগরিকত্ব, নিরাপত্তা ও মর্যাদার নিশ্চয়তা নিয়ে নিজেদের ভিটেমাটিতে ফেরার অপেক্ষায় দিন গুনছেন রোহিঙ্গারা।