টানা ৩১ দিন পর উখিয়ার ইনানীতে গ্যাসের আগুন নেভাতে সক্ষম হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বাপেক্সের ড্রিলিং দলের ১০ মিনিটের চূড়ান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ কাজে সহযোগিতা করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তবে আগুন নিভলেও কূপ থেকে এখনো গ্যাস নির্গত হচ্ছে। গ্যাসের প্রবাহ পুরোপুরি বন্ধ করতে কূপের ভেতরে ড্রিল পাইপ নামিয়ে মাড ও সিমেন্টিং করার পরিকল্পনা রয়েছে। এ কাজ শেষ করতে আরও ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে বাপেক্স।
সরজমিনে দেখে ও বাপেক্সের কর্মকর্তা জানান, দুটি বড় ক্রেনের সাহায্যে ৯ টন ওজনের একটি কেসিং পাইপ গ্যাসের উৎসমুখে স্থাপন করা হয়। ক্রেন দুটির একটির ধারণক্ষমতা ৫৫ টন এবং অন্যটির ৩০ টন। এরপর প্রায় পাঁচ টন চাপ প্রয়োগ করে কেসিং পাইপটি গ্যাসের উৎসমুখে বসানো হয়। একই সময়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চারদিক থেকে পানি ছিটিয়ে আগুনের চারপাশের মাটি ও ফাটলগুলো ঠান্ডা করে। বাপেক্সের ড্রিলিং দলের নেতৃত্বে ১০ মিনিটের চেষ্টায় পাইপটি প্রায় ১৩ ফুট ভেতরে প্রবেশ করানো সম্ভব হয়। এতে গ্যাসের আগুন নিভে যায়।
বাপেক্সের ড্রিলিং সুপারিনটেনডেন্ট মো. রকিবুল হাসান বলেন, কাজ শুরুর পর অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা সম্ভব হয়েছে। কেসিং পাইপ স্থাপনের প্রাথমিক কাজ শেষ হয়েছে। পরবর্তী ধাপে পাইপের গোড়ায় সিমেন্টিং করা হবে। এতে পাইপের বন্ধন আরও মজবুত হবে এবং ভারী কাঠামোর জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি হবে। বিশেষ করে পরবর্তী কার্যক্রমে কেসিং পাইপটি সঠিক অবস্থানে রাখার জন্য সিমেন্টিং গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সিমেন্টিং শেষ হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর পরবর্তী কাজ শুরু হবে। এ জন্য ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪ ফুট উচ্চতায় একটি সাব-স্ট্রাকচার ও বেস তৈরি করতে হবে। এতে আনুমানিক ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। এরপর কূপের ভেতরে ড্রিল পাইপ নামানো হবে। ধাপে ধাপে প্রায় এক হাজার ফুট পর্যন্ত পাইপ নামিয়ে পানির সঙ্গে বেন্টোনাইট মিশিয়ে তৈরি করা মাড পাম্প করা হবে। সবশেষে সিমেন্টিংয়ের মাধ্যমে গ্যাসের প্রবাহ পুরোপুরি বন্ধ করার চেষ্টা করা হবে।
বাপেক্সের খননবিদ এনামুল হক বলেন, বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে কূপ থেকে গ্যাস নির্গমন বন্ধ করতে আরও কিছু কারিগরি কাজ বাকি। সাব-স্ট্রাকচার তৈরি করে ড্রিল পাইপ নামানোর পর মাড প্রয়োগ ও সিমেন্টিং করা হবে। এরপরই গ্যাসের প্রবাহ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
এনামুল হক জানান, এ কার্যক্রমে বাপেক্সের কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে ৭০ থেকে ৭৫ জন কাজ করছেন। তাঁদের মধ্যে কর্মকর্তা প্রায় ২৫ জন। আগুন নিভলেও কূপ থেকে গ্যাস নির্গত হওয়ায় সবাইকে বাড়তি সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।
নিজস্ব প্রযুক্তিতে আগুন নিয়ন্ত্রণ
ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে বাপেক্স নিজস্ব প্রযুক্তি ও জনবল ব্যবহার করেছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। বাপেক্সের প্রকল্প কর্মকর্তা আনিছুর রহমান বলেন, নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্লোআউট প্রিভেন্টার (বিওপি) এবং নিজস্ব ড্রাইভার ব্যবহার করে প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন করা হয়েছে। গ্যাসের প্রবাহ ডাইভার্টারের মাধ্যমে অন্যদিকে সরিয়ে নেওয়া হয়েছে। পরিবেশের ক্ষতি এড়াতে পরবর্তী কার্যক্রমের জন্য একটি বেস তৈরি করে কূপের ভেতরে পাইপ নামানো হবে।
বাপেক্সের প্রতিনিধি দলের পরামর্শক ও সাবেক মহাব্যবস্থাপক হাওলাদার অহিদুল ইসলাম বলেন, প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ, নিরাপত্তা ও অভিজ্ঞ ড্রিলিং জনবলের সমন্বয়ে কাজটি করা হয়েছে। এ ধরনের চ্যালেঞ্জিং কাজ সফলভাবে সম্পন্ন হলে বাপেক্সের কর্মকর্তা-কর্মচারীদের আত্মবিশ্বাস ও নিজস্ব সক্ষমতা বাড়বে।
কাজের ব্যয় সম্পর্কে তিনি বলেন, এখনো মোট ব্যয়ের হিসাব চূড়ান্ত হয়নি। তবে তাঁর আশা, দুই কোটি টাকার মধ্যে পুরো কাজ শেষ করা সম্ভব হবে।
গ্যাসের নমুনা সংগ্রহ
আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই কূপ থেকে গ্যাসের নমুনা সংগ্রহ করেছেন বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ দলের বিশেষজ্ঞরা। প্রায় এক মাস ধরে তীব্র তাপ ও আগুনের কারণে নিরাপত্তাঝুঁকি থাকায় নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।
বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ দলের দলনেতা এস এম নাফিকুন আরহাম বলেন, গত ২৭ অক্টোবর প্রথম গ্যাসের উদ্গিরণ শুরু হয়। এরপর প্রায় এক মাস পর শুক্রবার নিরাপদে গ্যাসের নমুনা সংগ্রহ করা সম্ভব হয়েছে। এর আগে কয়েকবার চেষ্টা করেও তীব্র তাপ ও থার্মাল রেডিয়েশনের কারণে গ্যাস নির্গমনের স্থানের কাছে যাওয়া যায়নি।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর ডাইভার্টারের মাধ্যমে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে দেওয়া হয়। এরপর ওয়াটার রিপ্লেসমেন্ট পদ্ধতিতে দুটি বোতলে গ্যাসের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পদ্ধতিতে নমুনার সঙ্গে বাইরের বাতাস মিশে যাওয়ার ঝুঁকি কম থাকে। ফলে ভূগর্ভস্থ স্তর থেকে উঠে আসা প্রকৃত গ্যাসের নমুনা পাওয়া সম্ভব।
নাফিকুন আরহাম আরও বলেন, সংগৃহীত নমুনা বাপেক্সের পরীক্ষাগারে বিশ্লেষণ করা হবে। এতে গ্যাসের রাসায়নিক গঠন, বিভিন্ন উপাদানের উপস্থিতি ও পরিমাণ এবং উচ্চতর হাইড্রোকার্বনের অস্তিত্ব সম্পর্কে জানা যাবে। নমুনা ঢাকায় পাঠানোর পর পাঁচ থেকে ছয় ঘণ্টার মধ্যে পরীক্ষার প্রতিবেদন পাওয়া যেতে পারে। এই বিশ্লেষণ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।
পর্যবেক্ষণে থাকবে ফায়ার সার্ভিস
আগুন নিভলেও গ্যাসের প্রবাহ পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান করবে ফায়ার সার্ভিস। কক্সবাজার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য বলেন, গত ২৭ অক্টোবর গ্যাসের উৎস থেকে আগুন জ্বলার পর প্রথম দিন তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। তবে বাপেক্সের অনুরোধে পরবর্তী সময়ে আগুন নির্বাপণের কার্যক্রম থেকে সরে আসেন। তখন আগুন নেভানোর চেষ্টা করলে অন্য দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল বলে বাপেক্স জানিয়েছিল।
তিনি বলেন, বাপেক্সের কারিগরি প্রস্তুতি শেষ হওয়ার পর তাদের সহযোগিতা চাওয়া হয়। শুক্রবার সকালে উখিয়া থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ৬টা ৪০ মিনিটে এবং কক্সবাজার থেকে একটি ইউনিট সকাল ৭টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। বাপেক্সের ফায়ার ফাইটিং টিমের সঙ্গে তিনটি ইউনিট প্রায় পাঁচটি পানির লাইন ব্যবহার করে চারদিক থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ করে।
দোলন আচার্য বলেন, প্রথমে মাটির ফাটলগুলো ঠান্ডা করে আগুন নেভানো হয়। এরপর বাপেক্সের সহযোগিতায় মূল উৎসের আগুন নির্বাপণ করা হয়। বর্তমানে আগুন নিভে গেছে। তবে বাপেক্সের বিকল্প লাইন দিয়ে এখনো গ্যাস বের হচ্ছে। গ্যাসের প্রবাহ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করবেন।
যেভাবে গ্যাসের আগুনের সূত্রপাত
গত ২৭ অক্টোবর কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীরতা থেকে প্রাকৃতিক গ্যাসের উদ্গিরণ শুরু হয়। একপর্যায়ে সেখানে আগুন ধরে যায়। শুরুতে বাপেক্সের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। পরে সংস্থাটির ড্রিলিং দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১৪ দিনের কারিগরি প্রস্তুতি ও কার্যক্রমের পর শুক্রবার সকালে চূড়ান্ত অপারেশনে আগুন নেভানো সম্ভব হয়।
তবে আগুন নিভলেও কূপ থেকে গ্যাস নির্গমন অব্যাহত রয়েছে। এখন বাপেক্সের মূল লক্ষ্য কূপের ভেতরে ড্রিল পাইপ নামিয়ে মাড ও সিমেন্টিংয়ের মাধ্যমে গ্যাসের প্রবাহ পুরোপুরি বন্ধ করা।