পৃ৪ ক২ ছবিসহ/ছবি-AWAMI NEWS PIC
মহেশখালী অফিস
আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় যুবদল ও ছাত্রদল।
শুক্রবার (২৭ নভেম্বর) কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের নির্দেশনায় ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।
বিকেলে মাতারবাড়ির প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো নানাভাবে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে। এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের নেতৃত্বে মাতারবাড়িসহ পুরো মহেশখালী-কুতুবদিয়ার জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা ও এলাকার শান্তি রক্ষায় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সব সময় রাজপথে সজাগ থাকবে এবং যেকোনো নৈরাজ্য কঠোরভাবে দমন করা হবে।
কর্মসূচিতে মাতারবাড়ি ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।