কক্সবাজারে খুরুশকুল আশ্রয়ন প্রকল্প সংলগ্ন বাঁকখালী নদীতে বিআইডব্লিউটিএ নির্মাণাধীন জেটিঘাট পরিদর্শন করে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান বলেছেন, চলমান এই প্রকল্পটি চলতি বছরের মাঝামাঝি বা তার কিছু পরে নৌপরিবহন মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হতে পারে।
তিনি বলেন, এই জেটিঘাট চালু হলে মহেশখালী, কুতুবদিয়া ও সেন্টমার্টিনসহ উপকূলীয় এলাকায় নৌপথে যোগাযোগ ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে খুরুশকুল আশ্রয়ন প্রকল্প সংলগ্ন নির্মাণাধীন বিআইডব্লিউটিএ জেটিঘাট পরিদর্শনকালে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এসময় বাঁকখালী নদীর দুই তীরের অবৈধ দখল উচ্ছেদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে রাজীব আহসান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, 'সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে রাখার প্রবণতা বন্ধ করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।'
এর আগে সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে তিনি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় নাফ নদী সংলগ্ন স্থলবন্দরে পৌঁছান। সেখানে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরিদর্শনকালে বন্দরের ওয়ারহাউসে পড়ে থাকা পণ্য এবং সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন প্রতিমন্ত্রী।
এসময় রাজীব আহসান বলেন, প্রায় এক বছর বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে তিনি সরেজমিনে বন্দর এলাকা পরিদর্শন করেছেন। দীর্ঘদিন বন্ধ থাকা এই স্থলবন্দর পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে মিয়ানমারের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যেই।
ইতিমধ্যে উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট, এনবিআর কাস্টমস, বিজিবি ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করেই বন্দরটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেথ করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে প্রায় দেড় বছর ধরে সীমান্ত বাণিজ্য কার্যত বন্ধ রয়েছে। বর্তমানে ওই অঞ্চলের প্রায় ২৭০ কিলোমিটার এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় নাফ নদীতে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে গত বছরের এপ্রিল থেকে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, যা আমদানি-রপ্তানিকারকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।