আইনজীবীরা যে, যে আদর্শের রাজনীতি করুক, আমাদের মাঝে কোন বৈষম্য নেই, ভেদাভেদ নেই, দলমত নির্বিশেষে আমরা সকলে একটি পরিবার।
রোববার (২৬ এপ্রিল) সকালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনার জবাবে জাতীয় সংসদ এর সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হতে যাওয়া অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না একথা বলেন।
সমিতির প্রবীণ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না আরো বলেন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি আমার দ্বিতীয় বাসস্থান। জীবনের অর্ধেক সময় কাটিয়েছি নিজের বাড়িতে, আর অর্ধেক সময় কাটিয়েছি আমার প্রিয় এই আইনাঙ্গনে। তিনি বলেন, এই সমিতির কোন আইনজীবীকে অতীতে পুলিশের দ্বারা হয়রানি হতে দেয়নি, এখনো হতে দেবনা।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মন্নানের সভাপতিত্বে সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম শাহজালাল চৌধুরী, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, সাবেক সভাপতি ছৈয়দ আলম, সাবেক সভাপতি ইকবালুর রশিদ আমিন সোহেল, জেলা আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট মোস্তাক আহমদ চৌধুরী, জিপি অ্যাডভোকেট শামসুল হুদা, পিপি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, সমিতির সহ সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ-২ সহ প্রচুর আইনজীবী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না'কে ব্যাপকভাবে সংবর্ধিত করা হয়।
প্রসঙ্গত, শামীম আরা স্বপ্না ১৯৮৬ সালের ১৮ মার্চ বাংলাদেশ বার কাউন্সিল থেকে এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেটশীপ অর্জন করে একজন নবীন আইনজীবী হিসাবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। তখন থেকে সুদীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে তিনি আইন পেশায় নিয়োজিত রয়েছেন। এ মানবিক আইনজ্ঞ কক্সবাজার জেলা আইনজীবী সমিতি থেকে বিভিন্ন সময়ে পেয়েছেন প্রবীণ আইনজীবীর বিরল সম্মাননা।
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আগামী ২৯ এপ্রিল বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহার শেষে নির্ধারিত ৫০টি আসনের মধ্যে ৪৯টি আসনে প্রতিটি আসনের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় নিয়মানুযায়ী মনোনয়নপত্র বৈধ হওয়া অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না সহ ৪৯ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষনা করা হবে।