কক্সবাজারে হামের উপসর্গ নিয়ে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে; দেশে হামের প্রকোপ দেখার পর এটিই রোহিঙ্গা কোন শিশুর মৃত্যুর ঘটনা। এনিয়ে গত ২৯ মার্চ থেকে ১ মাস ৫ দিনে জেলায় মোট এক রোহিঙ্গা সহ ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে বর্তমানে কক্সবাজারের ৮ টি হাসপাতালে ১৩২ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকার তথ্য জানিয়েছে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়।
শনিবার সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধিন এক রোহিঙ্গা শিশুর মৃত্যুর তথ্য রবিবার দুপুরে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শান্তনু ঘোষ।
মৃত্যু হওয়া ৯ মাস বয়সী শিশুর নাম নুর ফাহাদ। পিতা নুর ফয়সাল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। হামের উপসর্গ নিয়ে এটিই প্রথম রোহিঙ্গা কোন শিশুর মৃত্যু ঘটনা। এর আগে জেলায় মৃত্যু হয়েছিল ১০ শিশুর। তারা সকলেই জেলার স্থানীয় বাসিন্দা। এর মধ্যে রামু উপজেলায় ৪ জন, কক্সবাজার সদর উপজেলা ২ জন, কক্সবাজার পৌরসভা, মহেশখালী, কুতুবদিয়া ও উখিয়ায় ১ জন করে ৪ জনের মৃত্যু হয়।
সর্বশেষ মারা যাওয়া শিশুর প্রসঙ্গে ডা. শান্তনু ঘোষ বলেন, শনিবার দুপুরে রোহিঙ্গা শিশুটিকে জ্বর, কাশি ও নিয়মোনিয়া সহ কিছু জটিল উপসর্গ নিয়ে অভিভাবকরা হাসপাতালে ভর্তি করে। ভর্তির পরপরই শিশুটির হামের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে শারীরিক অবস্থার অবনতির এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির নমুনা পরীক্ষার ফলাফল এখনো হাতে আসায় হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কিনা নিশ্চিত করা যাচ্ছে না বলে জানান তিনি।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ জন এবং ছাড়পত্র নিয়েছে ৫৪ জন। আর হাসপাতাল ভর্তি রয়েছে ১৩২ জন শিশু। গত ২৯ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৩৪৭ জন।